তারেক রহমানের নির্দেশে দোয়া মাহফিলের আয়োজন বিএনপির

ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দোয়া মাহফিলের আয়োজন করেছেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বাদ জুম্মা নগরীর নতুন বাজারস্থ দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শেখ আমজাদ আলী, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী রানা, শিব্বির আহমেদ বুলু, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এনামুল হক আকন্দ লিটনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এর আগে জুম্মার নামাজের সময় নগরীর বিভিন্ন ওয়ার্ডের মসজিদে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়। একই দিন স্থানীয় মন্দির ও গির্জায়ও প্রার্থনার আয়োজন করা হয়।
দোয়া মাহফিল শেষে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, বিজয় আল্লাহর দান। ময়মনসিংহ সদর আসনের এই বিজয়ের পেছনে যারা নিরলস পরিশ্রম করেছেন, তাদের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা জানাই। আগামী দিনে অবহেলিত ময়মনসিংহ সদরের উন্নয়নে নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত রাখতে চাই। আমার নির্বাচনী প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে আমি দৃঢ়প্রতিজ্ঞ, ইনশাল্লাহ।

