উখিয়া
হত্যা মামলার আসামি আরসা কমান্ডার গ্রেপ্তার

গ্রেপ্তার মোহাম্মদ আয়াজ
কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরে ঝটিকা অভিযান চালিয়ে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) এক কমান্ডারকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)। হত্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত হয়ে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন তিনি।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে বালুখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের ১২ নম্বর ক্যাম্পের জি/৭ ব্লকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম মোহাম্মদ আয়াজ (২৯)।
আজ বুধবার এসআরবি-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) আ ম ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৫ এর একটি আভিযানিক দল এ অভিযান চালায়। গ্রেপ্তার আয়াজ ইউনুসের ছেলে। তিনি উখিয়া থানায় করা একটি হত্যা মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি।
গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন আ ম ফারুক।




