বিএনপি-জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত ৩০

ভোলার বোরহানউদ্দিনের নির্বাচনী মাঠ দফায় দফায় জামায়াত বিএনপি সংঘর্ষের উত্তপ্ত হয়ে উঠেছে। গণসংযোগ ও প্রচার প্রচারণায় বাধা দেওয়াকে কেন্দ্র করে এ দুটি দল মুখোমুখি অবস্থানে রয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। এদের মধ্যে পাঁচজনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুই দলের মধ্যে দুই দফা সংঘর্ষ হয়েছে।
গত এক সপ্তাহে উভয়দলের সমর্থকদের মধ্যে কমপক্ষে পাঁচটি সংঘর্ষের ঘটনা ঘটে
ভোলা-২ আসনের জামায়াত প্রার্থী মাওলানা ফজলুল করীম অভিযোগ করেন, গণসংযোগ করতে গেলে বিএনপি সমর্থকরা বোরহানউদ্দিনের পক্ষিয়া, হাসনাগর, দৌলতখানের মেদুয়াসহ বিভিন্ন এলাকায় হামলা ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় বোহানউদ্দিন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এদিকে বিএনপি পক্ষ থেকে বিএনপি প্রার্থীর ব্যক্তিগত সহকারী কাজী ইকবাল হোসেন বলেন, এসব হামলার সঙ্গে বিএনপির কেউ জড়িত নন। জামায়াত উসকানি দিয়ে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।
এদিকে জামায়াত নির্বাচনী প্রচারণায় হামলা ও বাধা দেওয়ার ঘটনায় বোরহানউদ্দিন থানা চত্বরে বিক্ষোভ ও মানববন্ধনন করেছে জামায়াত সমর্থকরা। এ সময় তারা প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।
এ ব্যাপারে বোরহানউদ্দিন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, কোথায়ও কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। আমাদের কাছে কেউ অভিযোগ করেনি।

