অনলাইন ক্যাসিনো চক্রের দুই সদস্য গ্রেপ্তার, ১০০ সিম কার্ড উদ্ধার

গ্রেপ্তাররা অনলাইন ক্যাসিনো চক্রের দুই সদস্য
ঠাকুরগাঁওয়ে অনলাইন ক্যাসিনো চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তাররা হলেন ক্যাসিনো মাস্টার শ্যামল রায় (২৮) ও এজেন্ট মো. জাহিদুর রহমান (২১)। এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও ১০০টি সিম কার্ড উদ্ধার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতে জেলার ভুল্লী থানার ৫ নম্বর শুকানপুকুরী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কালিকাগাঁও শাহাপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়।
ডি-হাট থেকে স্লুইস গেটগামী পাকা সড়কের পাশে শ্যামল রায়ের বাড়ির শোবার ঘর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শ্যামল রায় ওই গ্রামের অতুল চন্দ্র রায়ের ছেলে। অপর আসামি জাহিদুর রহমান একই এলাকার আলতাফুর রহমানের ছেলে।
পুলিশ সুপার মো. বেলাল হোসেনের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম গোলাম রসুলের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে।
ডিবি পুলিশ জানায়, অনলাইন জুয়া বা ক্যাসিনো খেলা ঠাকুরগাঁওয়ে ভয়াবহ সামাজিক সমস্যায় পরিণত হয়েছে। এতে আসক্ত হয়ে অনেক কিশোর পরিবার থেকে বিচ্ছিন্ন হচ্ছে। হতাশায় কেউ কেউ আত্মহত্যার পথও বেছে নিয়েছে।
গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।



