কোটালীপাড়ায় সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ

আবুল কালাম শেখ
দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করে গোপালগঞ্জের কোটালীপাড়ায় কান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতির পদ ছেড়েছেন মো. আবুল কালাম শেখ। আজ শুক্রবার সকালে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে তিনি পদত্যাগের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে আবুল কালাম শেখ জানিয়েছেন, এক বছর আগে কোটালীপাড়া উপজেলা জামায়াতের পক্ষ থেকে তাকে অলিখিতভাবে কান্দি ইউনিয়ন জামায়াতের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল। তিন মাস আগে তিনি দায়িত্বশীলদের জানিয়েছিলেন, এ দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব নয়। তখনই তিনি পদত্যাগের কথা জানান।
বিষয়টি এলাকার সাধারণ মানুষকে জানাতেই গণমাধ্যমের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বলে উল্লেখ করেন তিনি।
আবুল কালাম শেখ আরও জানিয়েছেন, কোনো চাপ বা ভয়ভীতির কারণে নয়, নিজ সিদ্ধান্তেই তিনি পদত্যাগ করেছেন। এ দায়িত্বে থেকে দলীয় কার্যক্রম পরিচালনা করা তার পক্ষে সম্ভব হচ্ছে না।




