বন্দর থানায় পিংক বাসে ব্রেস্ট ক্যানসার স্ক্রিনিং

পিংক বাসে পরিচালিত হচ্ছে ভ্রাম্যমাণ ব্রেস্ট ক্যানসার স্ক্রিনিং
ব্রেস্ট ক্যানসার সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তের লক্ষ্যে চট্টগ্রাম নগরের বন্দর থানা প্রাঙ্গণে ভ্রাম্যমাণ স্ক্রিনিং কার্যক্রম পরিচালিত হয়েছে।
আজ শনিবার পিংক বাসে এ কার্যক্রমের আয়োজন করা হয়।
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক), বেসরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠান সিএসসিআর এবং সার্জিক্যাল শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান পিজিএস একাডেমিয়ার যৌথ উদ্যোগে চলমান ব্রেস্ট ক্যানসার সচেতনতা কর্মসূচির অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালিত হয়।
আয়োজকরা জানান, স্ক্রিনিংয়ে অংশ নেওয়া রোগীরা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় বিশেষ ছাড় পাবেন। পাশাপাশি বিনামূল্যে টিউমার বোর্ডের পরামর্শ এবং প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে অস্ত্রোপচারের সুবিধাও দেওয়া হবে। এ উদ্যোগের মাধ্যমে ব্রেস্ট ক্যানসার সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং নারীদের প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত ও প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণে উৎসাহিত করার লক্ষ্য রয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক চিকিৎসক নাজমা মাহবুবের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি চিকিৎসক দল স্ক্রিনিং কার্যক্রমে অংশ নেয়।
দলের অন্য সদস্যরা হলেন চিকিৎসক লিপিকা ত্রিপুরা, সামিয়া বিনতে কবির, তাসনিম তাবাসুম ও তাজরিয়ান সুলতানা সাঈদা।
এ সময় উপস্থিত ছিলেন সিএসসিআরের চেয়ারম্যান চিকিৎসক খুরশীদ জামিল চৌধুরী, স্থানীয় চিকিৎসক সারওয়ার আহমেদ, প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আজিজুর রহমান, পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম খোরশেদ ও রেজাউল ইসলাম এবং সিএসসিআরের কর্মকর্তা মানিক বড়ুয়া ও রতন আলী।



