ফেইমের নাটক ‘ফরেস্টস’

ছবি: আগামীর সময়
ফেইম স্কুল অব ডান্স, ড্রামা অ্যান্ড মিউজিক নাট্যকলা বিভাগের নতুন নাট্য প্রযোজনা ওয়াজদি মৌয়াদ এর নাটক ফরেস্টস এর ‘মঞ্চায়ন’ হয়ে গেল। শুক্রবার সন্ধ্যায় থিয়েটার ইনস্টটিউট মিলনায়তনে নাটকটির তৃতীয় মঞ্চায়ন অনুষ্ঠিত হয়। আজ একই মঞ্চে হবে ‘ফরেস্টস’ এর চতুর্থ মঞ্চায়ন।
নাটকটির কেন্দ্রে আছে ল্যুপ নামের এক তরুণী, যার মা এ্যইমি একটি রহস্যময় ব্রেইন টিউমারে মারা যান। ল্যুপ জানতে পারে তার মায়ের মস্তিষ্কের কেন্দ্রে এমন একটি টিউমার আছে যা হাড় সদৃশ এবং এটি মিলে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে কন্সেন্ট্রেশন ক্যাম্পে নিহত অন্য এক তরুণীর খুলির টুকরোর সঙ্গে।
শুরু হয় সময়ের এক উল্টো পথে যাত্রা। আধুনিক কানাডা থেকে শুরু হয়ে এই যাত্রা ধীরে ধীরে উন্মোচন করতে থাকে ল্যুপের বংশ পরিচয়, তার সাথে সাতটি প্রজন্মের দীর্ঘ দেড় শতাব্দীর ইতিহাস। ফ্রাঙ্কো-প্রুশিয়ান যুদ্ধ থেকে শুরু হয়ে প্রথম বিশ্বযুদ্ধ। সেখান থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের নিষ্ঠুরতা। আর সময় থেকে সময় পেরিয়ে নারীদের সাথে হয়ে আসা কাল বা যুগের চিরন্তন অবমাননার গল্প।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন যীশু দাশ, কমল বড়ুয়া, দীপ্ত চক্রবর্তী, সাবিহা বিনতে জসিম, মাহবুবা আক্তার মিলি, অমিতা বড়ুয়া, অরুণা দত্ত, জ্যোতির্ময় বড়ুয়া, হৃদয় দেব, ইনান ইলহাম, সালমা জাহান, সপ্রতিভ দাশ, চৈতী সাহা, আদিত্য দাশ, অর্ণি বণিক, ভাস্কর রায়, আফসানা মিমি ও আরিয়ানা হক রোদেলা।
নাটকটির নির্দেশনা দিয়েছেন ফেইম পরিচালক অসীম দাশ।




