মার্কিন সিনেটের নেতা নির্বাচন ১ ডিসেম্বর
- হেকিম জেফ্রিস স্পীকার নির্বাচিত

সিনেটর চাক শুমার
সিনেটে কে হবেন সংখ্যাগরিষ্ঠ নেতা তা নিয়ে ডেমোক্র্যাট পার্টিতে প্রকাশ্যে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে। সিনেট ও হাউজ অব রিপ্রেজেনটেভিসসে (প্রতিনিধি পরিষদ) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে দলটি। কংগ্রেসের উভয় কক্ষই তাদের দখলে। ইতোমধ্যে হাউজ স্পীকার হিসেবে নির্বাচিত হয়েছেন নিউইয়র্ক থেকে নির্বাচিত প্রতিনিধি পরিষদ সদস্য কংগ্রেসম্যান হেকিম জেফ্রিস। এখন সিনেটে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হবার লড়াইয়ে রয়েছেন নিউইয়র্ক থেকে নির্বাচিত সিনেটর ও বর্তমানে সিনেটে বিরোধী দলীয় নেতা চাক শুমার। মধ্যপন্থী সিনেটর চাক শুমার। তিনি ২০১৭ সাল থেকে দলীয় ককাসের নেতৃত্ব দিচ্ছেন। তিনি এই শীর্ষ পদে বহাল থাকতে চান। তার যুক্তি হলো, দলের অন্যতম বড় নির্বাচনী বিজয়ের পেছনে তার নেতৃত্ব ছিল গুরুত্বপূর্ণ। অন্যদিকে মেরিল্যান্ডের বামপন্থী আইনপ্রণেতা সিনেটর ক্রিস ভ্যান হোলেন বলেছেন, মধ্যবর্তী নির্বাচনগুলো ইঙ্গিত দেয় যে আমেরিকানরা আরও বড় ও ব্যাপক পরিবর্তনের জন্য প্রস্তুত। তিনি সিনেটে নেতৃত্ব দেবার জন্য চ্যালেঞ্জ দিচ্ছেন চাক শুমারকে।
এই ২ প্রার্থীর পক্ষ ও বিপক্ষে বিভক্ত হয়ে পড়েছেন সিনেটররা। মধ্যবর্তী নির্বাচনের মধ্য দিয়ে ১০০ আসনের সিনেটে ডেমোক্র্যাটিক পার্টির সদস্য সংখা ৫৬। যিনিই এই পদটিতে আসীন হতে চান তার লাগবে ২৮ জন সিনেটরের সর্মথন। ১৮ নভেম্বর পর্যন্ত চাক শুমারকে প্রকাশ্যে সর্মথন দিয়েছেন ১৬ জন সিনেটর। ক্রিস ভ্যান হোলেনকে সর্মথন দিয়েছেন ৫ জন । ৫ জন প্রকাশ্যে কাউকে সর্মথন না করলেও পরিবর্তনের পক্ষে কথা বলছেন। নীরব রয়েছেন ২৯ জন সিনেটর।
গোপন ব্যালটের মাধ্যমে এই নির্বাচন ১ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জয়ী হতে হলে চাক শুমার অথবা ক্রিস ভ্যান হোলেনকে ডেমোক্র্যাটিক ককাসের সাধারণ সংখ্যাগরিষ্ঠতা পেতে হবে। আগামী বছর সিনেটে ডেমোক্র্যাটদের আসন সংখ্যা হবে ৫৬ (যার মধ্যে তাদের সাথে জোটবদ্ধ থাকা দুজন স্বতন্ত্র সিনেটরও রয়েছেন)। তবে ভোট দেবেন ৫৫ জন সিনেটর। সিনেটর অ্যামি ক্লোবুচার, যিনি আগামী বছর মিনেসোটার গভর্নর হিসেবে দায়িত্ব নেওয়ার আগে তার সিনেট আসন থেকে পদত্যাগ করবেন। এমতাবস্থায় তিনি এই নির্বাচনে ভোট দেওয়ার যোগ্য নন।
‘দ্য নিউ ইয়র্ক টাইমস’ সিনেটর এবং নবনির্বাচিত সিনেটরদের সম্ভাব্য ভোট দেওয়ার প্রবণতা পর্যবেক্ষণ করছে। এর মধ্যে ডেমোক্র্যাটদের একটি ছোট গোষ্ঠী রয়েছে যারা নেতৃত্বে পরিবর্তন চেয়েছেন। কিন্তু ক্রিস ভ্যান হোলেনকে ভোট দেওয়ার বিষয়ে এখনো চূড়ান্ত প্রতিশ্রুতি দেননি। তাদের সংখ্যা ৫ জনের মতো।
ডেমোক্র্যাটিক সোশালিস্টদের নেতা সিনেটর বার্নি স্যান্ডার্স বলেছেন, তিনি মার্কিন সিনেটে ডেমোক্র্যাটিক নেতা হিসাবে কাজ করার জন্য চাক শুমারকে সমর্থন করবেন না। তিনি বলেছেন, ‘আমি ব্যক্তিগতভাবে চাক শুমারকে ৩০ বছরেরও বেশি সময় ধরে চিনি এবং আমি তাকে পছন্দ করি। চাক শুমারের চেয়ে বেশি পরিশ্রম আর কেউ করে না। কিন্তু আমার মতে, এখন পরিবর্তনের সময় এবং আমি চাককে ডেমোক্র্যাটিক নেতা হিসাবে পুন:নির্বাচিত হতে সমর্থন করব না। স্যান্ডার্স ক্যাপিটল হিলে সাংবাদিকদেও এ বলেছেন।
মিশিগানের মধ্যপন্থী ডেমোক্র্যাটিক সিনেটর এলিসা স্লটকিনও ডেমোক্র্যাটিক ককাসকে নেতৃত্ব দিতে আগ্রহী । তিনি বলেন, ৩ নভেম্বর নির্বাচনের রাতে আমেরিকার জনগণ পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছে।
হাই—প্রোফাইল আগত ডেমোক্র্যাটিক সিনেটরদের একটি দল নতুন নেতৃত্বের জন্য তাদের আকাঙ্খা প্রকাশ করেছে। এর মধ্যে রয়েছে মিশিগানের নব নির্বাচিত সিনেটর আবদুল এল—সায়েদ, যিনি শুমার—সমর্থিত ডেমোক্র্যাটকে পরাজিত করে দলের মনোনয়ন জিতেছেন। পাশাপাশি কানসাসের সিনেটর নির্বাচিত অ্যাডাম হ্যামিল্টন, দক্ষিণ ক্যারোলিনা থেকে সিনেটর—নির্বাচিত অ্যানি অ্যান্ড্রম্নজ, নিউ হ্যাম্পশায়ার থেকে সিনেটর নির্বাচিত ক্রিস পাপ্পাস, মেইন থেকে সিনেটর নির্বাচিত ট্রয় জ্যাকসন এবং মিনেসোটা থেকে সিনেটর নির্বাচিত পেগি ফ্লানাগানের নামও রয়েছে। তবে এখন পর্যন্ত ভ্যান হোলেনই প্রকাশ্যে প্রার্থীতা ঘোষণা করেছেন।
সিনেটর বার্ণি স্যান্ডার্স, আব্দুল এ সায়েদ (মিশিগান), জেফ মার্কলি (অরিগন) ও পেগি ফ্লানাগান (মিনেসোটা) প্রকাশ্যে ভ্যান হোলেনকে ভোট দেবেন বলে জানিয়েছেন।
রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, ভোটে চাক শুমারেরই জেতার সম্ভাবনা রয়েছে। কারণ হিসেবে তারা বলছেন, সিনেটে এবারের বিজয়ের পেছনে তার অনেক পরিশ্রম ও অবদান রয়েছে।
এদিকে মার্কিন প্রতিনিধি পরিষদে নির্বাচিত ডেমোক্র্যাটরা বুধবার হাকিম জেফ্রিসকে পরবর্তী কংগ্রেসের জন্য তাদের নেতা হিসেবে মনোনীত করেছেন। এর ফলে তিনি দেশটির প্রথম কৃষ্ণাঙ্গ ‘হাউস স্পিকার’ (প্রতিনিধি পরিষদের স্পিকার) হওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন।
এক সংবাদ সম্মেলনে জেফ্রিস বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের পরবর্তী স্পিকার হওয়ার জন্য ডেমোক্র্যাটিক দলের মনোনীত প্রার্থী হিসেবে আজ আমেরিকান জনগণের সামনে দাড়াতে পারাটা অত্যন্ত সম্মানের এবং বিশেষ সৌভাগ্যের বিষয়।
প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটিক ককাসের নবনির্বাচিত সদস্যরা রুদ্ধদ্বার কক্ষে গোপন ব্যালটের মাধ্যমে জেফ্রিসকে মনোনীত করেন। জেফ্রিস ২৫১টি ভোট পান, আর ১১ জন ডেমোক্র্যাট তার বিপক্ষে ভোট দেন।
জেফ্রিস সাংবাদিকদের জানান, ডেমোক্র্যাটদের বিশাল সংখ্যাগরিষ্ঠ অংশ স্পষ্ট ও দৃঢ়ভাবে তাদের মতামত জানিয়েছে। তিনি বলেন, ডেমোক্র্যাটদের একে অপরের বিরুদ্ধে লড়াই না করে বরং মাগা (মেক আমেরিকা গ্রেট এগেইন) চরমপন্থা’র বিরুদ্ধে লড়াই করা উচিত। যাতে আমরা আমেরিকান জনগণের জন্য বড় বড় কাজ সম্পন্ন করতে পারি।
৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর কয়েকজন নবনির্বাচিত প্রগতিশীল ডেমোক্র্যাট বলেছিলেন, তারা এমন একজন নেতা চান যিনি নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতি দেওয়া জনমুখী নীতিগুলো বাস্তবায়নের জন্য একটি সাহসী কর্মপরিকল্পনাকে সমর্থন করবেন। তবে প্রতিনিধি পরিষদে নব নির্বাচিত ৭ জন প্রগতিশীল ডেমোক্র্যাট এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন , তারা জেফ্রিসের বিপক্ষে ভোট দিয়েছেন। কারণ নিউ ইয়র্কের এই ডেমোক্র্যাট নেতার কাছ থেকে তারা এখনো সুনির্দিষ্ট প্রতিশ্রুতি আদায়ের চেষ্টা করছেন।



