আশা জাগাচ্ছে অগ্ন্যাশয় ক্যানসারের নতুন ওষুধ

সংগৃহীত ছবি
অত্যন্ত প্রাণঘাতী ও নিরাময় অযোগ্য হিসেবে পরিচিত অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াটিক ক্যানসারের চিকিৎসায় সাফল্যের আশা দেখছেন বিশেষজ্ঞরা। নিত্যদিন সেবন করা যাবে এমন একটি ট্যাবলেট ঘিরেই তাদের এখন স্বপ্ন। কারণ এই ট্যাবলেট কিছু রোগীর টিউমারের আকার ছোট করতে এমনকী সম্ভবত পুরোপুরি নির্মূলও করতে পারে।
একে গত কয়েক দশকের মধ্যে চিকিৎসাবিজ্ঞানের সবচেয়ে বড় সাফল্য হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। প্রাথমিক পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালে কেমোথেরাপির পাশাপাশি ‘ডারাক্সনরাসিব’ নামের ওষুধটি রোগীদের দেওয়া হয়েছে। ওষুধ প্রয়োগের পর স্ক্যান করে প্রতি ১২ রোগীর মধ্যে একজনের দেহে ক্যানসার ধরা পড়েনি।
সম্প্রতি দেহের অন্যান্য অংশে ছড়িয়ে পড়া অ্যাডভান্সড পর্যায়ের অগ্ন্যাশয় ক্যানসারে আক্রান্ত ৬১ রোগীর প্রায় সবার ক্ষেত্রেই টিউমারের বৃদ্ধি থেমে গেছে।
তবে চিকিৎসকরা জোর দিয়ে উল্লেখ করেছেন, ওষুধটি রোগটিকে কতদিন নিয়ন্ত্রণে রাখতে পারবে তা এখনো স্পষ্ট নয়। এটিকে পুরোপুরি নিরাময় বা স্থায়ী প্রতিকার হিসেবে দেখা উচিত হবে না।
অগ্ন্যাশয় ক্যানসারের রোগীদের জন্য এটিকে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় অগ্রগতি বলে অভিহিত করেছে ক্যানসার রিসার্চ ইউকে।
দাতব্য সংস্থাটির ড. স্যাম গডফ্রে জানান, ফলাফলগুলো অবিশ্বাস্য রকমের আশা জাগাচ্ছে। তার ভাষ্য, এই নতুন ওষুধটি যা করেছে তা হলো, যে রোগে আগে কোনো ওষুধ কাজ করত না, সেখানে ওষুধ প্রয়োগের পথ খুঁজে বের করেছে।
তিনি উল্লেখ করেন, দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে অগ্ন্যাশয় ক্যানসারের চিকিৎসায় অগ্রগতি দেখা যাচ্ছে।
অগ্ন্যাশয় ক্যানসারের চিকিৎসা অত্যন্ত কঠিন। যুক্তরাজ্যে প্রচলিত সব ক্যানসারের মধ্যে এই রোগে বেঁচে থাকার হার সবচেয়ে কম।
কেমোথেরাপি দিলে টিউমার কিছুটা ছোট করা গেলেও ক্যানসার প্রায়ই ফিরে আসে। ক্যানসারের এডভান্স স্টেজের রোগীদের বেশিরভাগই মাত্র কয়েক মাস বেঁচে থাকেন।
চিকিৎসকরা আশা করছেন, নতুন এই চিকিৎসা ক্যানসার চিরতরে থামাতে না পারলেও রোগীদের হয়তো আরও বেশিদিন বাঁচিয়ে রাখার পরিস্থিতি তৈরি করে দিতে পারে।
ট্রায়ালে রোগীদের গড়ে দেড় বছর ধরে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। এই সময়ের মধ্যে কারো কারো ক্যানসার আর ফিরে আসেনি।
এই ক্যানসারগুলোর কোনোটি সাময়িক বা স্থায়ীভাবে উপশমের পর্যায়ে (রেমিশন) নেওয়া সম্ভব কি না এবং তা কতদিন স্থায়ী হয়, সেটি বুঝতে আরও দীর্ঘমেয়াদী গবেষণা প্রয়োজন।
প্রথম ও দ্বিতীয় পর্যায়ের (ফেজ ১/২) এই ট্রায়ালে দেখা গেছে ৯০ শতাংশ রোগীর টিউমারের বৃদ্ধি থেমে গেছে। ৬০ শতাংশের কিছু বেশি রোগীর টিউমার ছোট হয়েছে অথবা অদৃশ্য হয়ে গেছে। প্রায় ৮ শতাংশ বা প্রতি ১২ জনে একজন রোগীর সিটি স্ক্যানে টিউমার আর শনাক্ত করা যায়নি।
এই ট্রায়ালের সঙ্গে যুক্ত আছেন যুক্তরাষ্ট্রের মেমোরিয়াল স্লোন কেটারিং ক্যানসার সেন্টারের ড. উংকি পার্ক। তিনি জানান, এখন পর্যন্ত পাওয়া ফলাফল অত্যন্ত আশা জাগাচ্ছে।
ডারাক্সনরাসিব যুক্তরাষ্ট্রে অনুমোদিত একটি টার্গেটেড ইনহিবিটর চিকিৎসা। বেশিরভাগ অগ্ন্যাশয় ক্যানসারে টিউমারের বৃদ্ধি ঘটায় এমন কিছু নির্দিষ্ট জিনগত পরিবর্তন বা মিউটেশন থাকে। এই ওষুধটি সেগুলো নিষ্ক্রিয় করার মাধ্যমে কাজ করে।
ফুসফুস ও ডিম্বাশয়ের ক্যানসারসহ আরও কয়েক ডজন ক্যানসারে একই ধরনের মিউটেশন থাকতে পারে। তাই ওষুধটি আরও অনেক রোগীর উপকারে আসতে পারে।
ড. গডফ্রে বলেন, অগ্ন্যাশয় ক্যানসারে তারা যে প্রাথমিক সাফল্য দেখতে শুরু করেছেন, তা অন্যান্য ক্যানসারের ক্ষেত্রেও প্রয়োগ করা যাবে বলে তিনি আশাবাদী।
যুক্তরাষ্ট্রে মোট ক্যানসার আক্রান্তের প্রায় ৩ শতাংশ। ক্যানসারজনিত মোট মৃত্যুর প্রায় ৮ শতাংশই ঘটে অগ্ন্যাশয় ক্যানসারের কারণে। এর ফলে প্রতি বছর প্রায় ৫৩ হাজার মানুষ মারা যায়।
ক্যানসার রিসার্চ ইউকের তথ্যমতে, ব্রিটেনে প্রতি বছর ১১ হাজার ৫০০ জন এই রোগে আক্রান্ত হন এবং প্রায় ১০ হাজার ২০০ জন মারা যান। ২০১৬ সালে অভিনেতা অ্যালান রিকম্যান এই রোগ শনাক্ত হওয়ার পাঁচ মাস পর মারা যান।
এই রোগের লক্ষণগুলোর মধ্যে জন্ডিস, ত্বকে চুলকানি, গাঢ় রঙের প্রস্রাব, ফ্যাকাশে রঙের মল, অকারণে ওজন কমে যাওয়া, ক্লান্তি এবং উচ্চ তাপমাত্রা বা জ্বর অন্তর্ভুক্ত থাকতে পারে।



