বিশ্ব রাজনীতিতে পুতিনের এত দাপট কেন?

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
বিশ্ব রাজনীতিতে ক্রমেই স্পষ্ট হচ্ছে ভ্লাদিমির পুতিনের দাপট । ইউক্রেন যুদ্ধ, পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা কিংবা রাশিয়াকে আন্তর্জাতিক অঙ্গনে একঘরে করার চেষ্টা—কোনও কিছুই তাকে বিশ্ব কূটনীতির মঞ্চ থেকে সরাতে পারেনি। বরং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে একই মঞ্চে জায়গা করে নেওয়ার মধ্য দিয়ে নিজের প্রভাব আরও একবার তুলে ধরার সুযোগ পাচ্ছেন রুশ প্রেসিডেন্ট। ২০২৬ সালের ১৮ ও ১৯ নভেম্বর চিনের শেনঝেনে অনুষ্ঠিত এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনকে ঘিরে এই কূটনৈতিক তৎপরতা পেয়েছিল নতুন মাত্রা।
পুতিনের বিশেষত্ব তার ক্ষমতা ব্যবহারের ধরনে। দীর্ঘদিন ধরে রাশিয়ার রাজনীতিতে নিজের নিয়ন্ত্রণ বজায় রেখেছেন তিনি। সামরিক বাহিনী, নিরাপত্তা সংস্থা এবং প্রশাসনের ওপর ক্রেমলিনের কর্তৃত্ব তার ক্ষমতার অন্যতম ভিত্তি। সোভিয়েত আমলে গোয়েন্দা সংস্থা কেজিবিতে কাজ করার অভিজ্ঞতাও তাঁর রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও নিরাপত্তাকেন্দ্রিক নেতৃত্বের ধরন গঠনে ভূমিকা রেখেছে। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও তিনি প্রকাশ্য অবস্থান ও কৌশলগত দর-কষাকষি—দুই পথই ব্যবহার করেন।
তার ক্ষমতার আরেকটি বড় উৎস রাশিয়ার সামরিক শক্তি ও পারমাণবিক অস্ত্রভান্ডার। যুক্তরাষ্ট্রের পাশাপাশি রাশিয়াও বিশ্বের বৃহত্তম পারমাণবিক শক্তিগুলোর একটি। ফলে মস্কোর সঙ্গে আলোচনায় বসতে হয় ওয়াশিংটনকেও। শেনঝেন সম্মেলনের আগে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম দুটি টিইউ-৯৫ বোমারু বিমান ভিয়েতনাম সফরে পাঠায় রাশিয়া। পুতিনের সঙ্গে চীন সফরে যাওয়া এক কর্মকর্তার হাতে পারমাণবিক অস্ত্র ব্যবহারের নির্দেশসংবলিত বিশেষ ব্রিফকেসও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের নজর কেড়েছে।
ইউক্রেন যুদ্ধও পুতিনের আন্তর্জাতিক অবস্থানকে প্রভাবিত করছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রুশ বাহিনীর পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর যুক্তরাষ্ট্র ও ইউরোপ মস্কোর ওপর একের পর এক নিষেধাজ্ঞা চাপায়। কিন্তু রাশিয়ার সঙ্গে চিনের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও গভীর হয়েছে। ভারতসহ ব্রিকস ও সাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর সঙ্গেও সম্পর্ক বজায় রেখেছে মস্কো। ফলে পশ্চিমা চাপের মধ্যেও পুতিনের কূটনৈতিক যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়নি।
এপেক সম্মেলনের মঞ্চে ট্রাম্প ও শি জিনপিংয়ের সঙ্গে পুতিনের উপস্থিতি তাই বিশেষ তাৎপর্যপূর্ণ। যুক্তরাষ্ট্র ও চিনের সমকক্ষ বিশ্বশক্তির নেতা হিসেবে নিজেকে তুলে ধরতে চান তিনি। মার্কিন মধ্যস্থতায় গত সপ্তাহে আবুধাবিতে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে শান্তি আলোচনা হলেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। কিয়েভের ভূখণ্ডগত ছাড়ের দাবিতে অনড় মস্কো। এই পরিস্থিতিতে ট্রাম্পের সঙ্গে আলোচনায় ইউক্রেন নিয়ে রাশিয়ার শর্ত মেনে নেওয়ার জন্য চাপ তৈরির সুযোগ দেখছে ক্রেমলিন।
তবে পুতিনের ক্ষমতার ছবির অন্য দিকও রয়েছে। সামরিক খাতে বিপুল ব্যয়ের চাপে রাশিয়ার অর্থনীতি দুর্বল হচ্ছে। ইউক্রেনের পাল্টা হামলায় রাশিয়ার গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমেছে। লন্ডনভিত্তিক গবেষণা সংস্থা চ্যাথাম হাউসের বিশ্লেষক ব্রনওয়েন ম্যাডক্সের মতে, ট্রাম্প ও শি জিনপিংয়ের পাশে দাঁড়ালে পুতিনকে বিশ্বের অন্যতম প্রধান নেতা হিসেবেই দেখা যাবে। কিন্তু তাতে রাশিয়া স্বয়ংক্রিয়ভাবে যুক্তরাষ্ট্র বা চীনের সমকক্ষ অর্থনৈতিক শক্তি হয়ে যায় না।
সব মিলিয়ে সামরিক শক্তি, পারমাণবিক অস্ত্র, দীর্ঘদিনের ক্ষমতার নিয়ন্ত্রণ এবং পশ্চিমের বাইরে কূটনৈতিক সম্পর্ক—এই চারটি বিষয় পুতিনকে অন্য অনেক রাষ্ট্রনেতার চেয়ে আলাদা করেছে। তার প্রভাবের সবচেয়ে বড় পরীক্ষা এখন ইউক্রেন যুদ্ধ এবং বিশ্বশক্তিগুলোর সঙ্গে দর-কষাকষিতে রাশিয়া কতটা সুবিধা আদায় করতে পারে।



