পর্তুগালে অভিবাসন জালিয়াতি, ঝুঁকিতে ৪ হাজার অভিবাসী

ছবি: রয়টার্স
ভুয়া ঠিকানা দেখিয়ে অন্তত ৪ হাজার ১৯৫টি আবাসন সনদ সংগ্রহ ও ইস্যুতে সহায়তার অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়েছে পর্তুগালের বিচার বিভাগীয় পুলিশ (পিজে)। বুধবার (১৮ নভেম্বর) লরেস পৌরসভায় পরিচালিত ‘অপারেশন ডোমাস’ নামের এই অভিযানে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে ১২টি স্থানে তল্লাশি চালিয়েছে পুলিশ।
পিজের তথ্য অনুযায়ী, অভিযুক্তরা পরিকল্পিতভাবে বিদেশি নাগরিকদের সংগ্রহ করতেন এবং তাদের প্রকৃত বসবাসের ঠিকানার পরিবর্তে মিথ্যা তথ্য দিয়ে স্থানীয় প্যারিশ কাউন্সিল বা ফ্রেগেসিয়া কাউন্সিল থেকে আবাসন সনদ বের করে দিতেন। অর্থের বিনিময়ে ইস্যু করা এসব সনদ পর্তুগালে বিদেশি নাগরিকদের অভিবাসন নিয়মিতকরণ বা বৈধতা পাওয়ার প্রক্রিয়ায় ব্যবহার করা হতো। তদন্তে উঠে এসেছে, ২০২৪ সাল থেকে ২০২৬ সালের জুন মাস পর্যন্ত এই চক্রের মাধ্যমে অন্তত ৪ হাজার ১৯৫টি আবাসন সনদ ইস্যু করা হয়েছে।
জালিয়াতির কর্মকাণ্ড কতটা সংগঠিত ছিল, তারও চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। তদন্তে এমন নজিরও শনাক্ত হয়েছে, যেখানে অভিযুক্তরা একটি নির্দিষ্ট দিনে ২০ বারেরও বেশি স্থানীয় প্যারিশ কাউন্সিলে গিয়ে আবাসন সনদসংক্রান্ত কার্যক্রম পরিচালনা করেছেন।
মূলত একই ঠিকানার বিপরীতে অস্বাভাবিক সংখ্যক সনদ ইস্যু হওয়ার বিষয়টি নজরে এলে একটি প্যারিশ কাউন্সিল কর্তৃপক্ষ আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে। ওই অভিযোগের ভিত্তিতেই পিজের জাতীয় সন্ত্রাসবিরোধী ইউনিট তদন্ত শুরু করে। তদন্তে অবৈধ অভিবাসনে সহায়তা, সংঘবদ্ধ অপরাধমূলক কার্যক্রম, নথি জালিয়াতি এবং মিথ্যা তথ্য প্রদানের মতো অপরাধের সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে।
তদন্তকারীদের হাতে আসা আর্থিক তথ্যেও গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। পুলিশের দাবি, এই অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে সন্দেহভাজনরা বিপুল আর্থিক সুবিধা অর্জন করেছেন, যা তাদের পরিচিত বৈধ আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
এদিকে আবাসন সনদকে কেন্দ্র করে হাজার হাজার জালিয়াতির এই ঘটনায় পর্তুগালে বসবাসরত অভিবাসীদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে যেসব বিদেশি নাগরিক এই জালিয়াতি চক্রের মাধ্যমে ভুয়া ঠিকানা ব্যবহার করে পর্তুগালের অভিবাসন সংস্থা এআইএমএ থেকে রেসিডেন্সি পারমিট নিয়েছেন, তদন্তে তাদের নাম উঠে এলে তাদের বৈধতা বাতিল হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। তবে বৈধভাবে ও প্রকৃত ঠিকানা ব্যবহার করে সনদ সংগ্রহকারীরা এই তদন্তের কারণে সন্দেহের আওতায় পড়েছেন এমন কোনো তথ্য এখনো প্রকাশ করা হয়নি। এখন এই চক্রের সঙ্গে আর কারা জড়িত এবং জালিয়াতির মাধ্যমে সংগ্রহ করা সনদগুলোর বিষয়ে কর্তৃপক্ষ পরবর্তী সময়ে কী পদক্ষেপ নেয়, সেটিই দেখার বিষয়।
তথ্যসূত্র: দ্য রেসিডেন্ট



