ইমারজেন্সি অ্যালার্টে স্মার্টফোন সহ ধরা পড়ল দক্ষিণ কোরিয়ার ২২ পরীক্ষার্থী

ফাইল ছবি
দক্ষিণ কোরিয়ায় বার্ষিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় নকল ঠেকাতে অভিনব কৌশল নিয়েছে দেশটির সরকার। পরীক্ষার হলে লুকিয়ে রাখা মোবাইল ফোন শনাক্ত করতে দেশজুড়ে জরুরি সতর্কবার্তা বা 'ইমারজেন্সি অ্যালার্ট' পাঠানো হয়। এই অ্যালার্টের শব্দে ৯টি শহর ও প্রদেশের পরীক্ষা কেন্দ্র থেকে স্মার্টফোনসহ ২২ জন শিক্ষার্থী ধরা পড়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেশটির শীর্ষস্থানীয় দৈনিক ‘কোরিয়া জুংআং ডেইলি’ এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
শিক্ষা উপমন্ত্রী চোই ইউন-ওক এক ব্রিফিংয়ে জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় পরীক্ষার্থীদের ফোনে এই ইমারজেন্সি অ্যালার্ট পাঠানো হয়। নিয়ম অনুযায়ী, পরীক্ষা শুরুর আগেই সব মোবাইল ফোন জমা দেওয়ার কথা ছিল। কিন্তু ওই ২২ জন শিক্ষার্থী তা জমা না দিয়ে লুকিয়ে রেখেছিল। তবে এখন পর্যন্ত মাইক্রোক্যামেরা বা কোনো উন্নত এআই ডিভাইস ব্যবহারের প্রমাণ মেলেনি বলেও নিশ্চিত করেন তিনি।
কোরিয়া জুংআং ডেইলির প্রতিবেদনে বলা হয়, প্রথম সেশন শেষে ধরা পড়া ওই শিক্ষার্থীদের পরীক্ষা প্রশাসকদের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের কাছে কোনো গোপন ক্যামেরা বা অন্য কোনো ডিভাইস ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। জালিয়াতির প্রমাণ মিললে তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলাসহ কঠোর ব্যবস্থা নেবে শিক্ষা মন্ত্রণালয়।
চলতি বছর সারা দেশের ১ হাজার ৩১২টি কেন্দ্রের ২১ হাজার ৯টি কক্ষে মোট ৫ লাখ ৫১ হাজার ৮৬৪ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিচ্ছে।
সম্প্রতি একটি নিয়োগ পরীক্ষায় এআই ও ক্ষুদ্র ক্যামেরা ব্যবহার করে জালিয়াতির ঘটনা সামনে আসায় এবার বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে শিক্ষার্থীদের নিজস্ব কলম, রাবার বা মেকানিক্যাল পেন্সিলের সিস নিয়ে কেন্দ্রে প্রবেশ নিষিদ্ধ করা হয়। শুধু সাধারণ পেন্সিল আনার অনুমতি দেওয়া হয় এবং বাকি সব শিক্ষা উপকরণ কেন্দ্র থেকেই সরবরাহ করা হয়। এমনকি পোশাকের বোতামে লুকানো ক্যামেরা ঠেকাতে পরীক্ষা শুরুর আগে সব শিক্ষার্থীর জামার বোতামে বিশেষ স্টিকার লাগিয়ে দেওয়া হয়েছে।
শিক্ষা উপমন্ত্রী জানান, তল্লাশির কারণে কোনো কেন্দ্রের পরীক্ষাই দেরিতে শুরু হয়নি এবং বাকি সেশনগুলোও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।



