সন্তান না থাকায় ক্রিসমাসের ছুটি পাননি নারী কর্মী

প্রতীকী ছবি
ক্রিসমাসের ছুটিতে পরিবারের সঙ্গে সময় কাটাতে আগেভাগেই ছুটির আবেদন করেছিলেন যুক্তরাজ্যের এক নারী। তবে সেই আবেদন নাকচ করে দেন তার ম্যানেজার। কারণ, প্রতিষ্ঠানের যেসব কর্মীর সন্তান আছে, ছুটির ক্ষেত্রে তাদের দেওয়া হবে অগ্রাধিকার।
ঘটনাটি সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে বিতর্ক। কর্মক্ষেত্রে সন্তান আছে, এমন কর্মীদের কি ছুটির ক্ষেত্রে বাড়তি সুবিধা পাওয়া উচিত, এ নিয়েই উঠেছে প্রশ্ন।
ক্লোয়ি নামে ওই নারী টিকটকে তার অভিজ্ঞতা শেয়ার করেন। ওই নারী টিকটকে তার অভিজ্ঞতা শেয়ার করেন। পরে স্টেডি কালচার নামের একটি অ্যাকাউন্ট থেকে ক্লোয়ি ও তার ম্যানেজারের মধ্যে হওয়া ই-মেইল কথোপকথন প্রকাশ করা হয়। পোস্টটি ছড়িয়ে পড়ে দ্রুত। এতে আট মিলিয়নের বেশি ভিউ হয়। পাশাপাশি প্রতিক্রিয়া জানান হাজারও মানুষ।
ক্লোয়ি জানান, ক্রিসমাসের সময় ছুটি নেওয়ার পরিকল্পনা তিনি করেছিলেন কয়েক মাস আগেই। সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে তিনি ছুটির আবেদন করেন।
তবে তার অপারেশনস ম্যানেজার সারাহ আবেদনটি নাকচ করে দেন। কারণ হিসেবে তিনি জানান, প্রতিষ্ঠানে ছোট সন্তান আছে এমন কয়েকজন কর্মীও ওই সময়ে চাইতে পারেন ছুটি।
ম্যানেজারের বক্তব্য, ‘আমাদের দলে ছোট সন্তান আছে এমন কয়েকজন সদস্য রয়েছেন, যারা ক্রিসমাসের সময় ছুটি চাইতে পারেন। তাই ছুটির সময়টা যেন সবার জন্য ন্যায্যভাবে বরাদ্দ করা যায়, তা আমাকে নিশ্চিত করতে হবে।’
ম্যানেজারের সিদ্ধান্তে হতাশ হন ক্লোয়ি। তিনি প্রশ্ন তোলেন, কর্মক্ষেত্রে বার্ষিক ছুটি দেওয়ার সময় সন্তান আছে এবং নেই, এমন কর্মীদের মধ্যে আলাদা আচরণ করা কতটা ন্যায্য?
ক্লোয়ি তার ম্যানেজারকে জানান, আগে থেকেই ছুটির আবেদন করার ওপর ভিত্তি করে তিনি পরিবারের সঙ্গে পরিকল্পনা করেছেন।
তার প্রশ্ন ছিল, ‘আমি আগে তারিখগুলো চেয়ে আবেদন করেছি। তাহলে শুধু কারও সন্তান আছে বলেই কি তার ক্রিসমাসের পরিকল্পনা আমার পরিকল্পনার চেয়ে অগ্রাধিকার পাবে?’
জবাবে সারাহ জানান, ক্লোয়ি তার আগের বক্তব্য ভুলভাবে বুঝেছেন।
তার ভাষ্য, ক্রিসমাস সবসময়ই কর্মক্ষেত্রে ব্যস্ত ও কঠিন সময়। তাই ছুটির আবেদন বিবেচনার ক্ষেত্রে কর্মীদের ব্যক্তিগত পরিস্থিতির পাশাপাশি আবেদনের সময়ও দেখতে হয়।
তবে ছুটি দেওয়ার বিষয়টি আগে আবেদন করলে আগে পাওয়া যাবে, এমন নিয়মে পরিচালিত হয় না। পুরো দলের প্রয়োজন বিবেচনা করেই সিদ্ধান্ত নিতে হবে বলে জানান ওই ম্যানেজার।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তুমুল আলোচনা। কেউ ক্লোয়ির অবস্থানকে সমর্থন করেছেন। আবার কেউ ম্যানেজারের সিদ্ধান্তকে যৌক্তিক বলে মনে করেছেন।
একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ক্রিসমাস সবার জন্য। সন্তান আছে বলেই কেউ অগ্রাধিকার পাওয়ার অধিকার রাখেন না। ওই ব্যবহারকারীর মতে, বিষয়টি বৈষম্যের আওতায় পড়তে পারে।
অন্যদিকে একজন অভিভাবক ম্যানেজারের সিদ্ধান্তের পক্ষে অবস্থান নিয়েছেন। তিনি উল্লেখ করেছেন, সন্তান আছে এমন কর্মীরা শুধু নিজেদের জন্য ছুটি চান না। সন্তানদের জন্যও তারা সময় চান।
সূত্র : এনডিটিভি





