বিশ্বের অন্যতম দামি কোম্পানি হিসেবে শেয়ারবাজারে অভিষেক অ্যানথ্রপিকের

ছবি: রয়টার্স
শেয়ারবাজারে তালিকাভুক্তির দিনে বিশ্বের অন্যমত মূল্যবান কোম্পানিতে পরিণত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান অ্যানথ্রপিক। প্রথম দিনের লেনদেনে প্রতিষ্ঠানটির বাজারমূল্য দাঁড়িয়েছে ১ দশমিক ৭৬ ট্রিলিয়ন বা প্রায় ১ লাখ ৭৬ হাজার কোটি ডলার।
বৃহস্পতিবার নাসডাক স্টক এক্সচেঞ্জে অ্যানথ্রপিকের শেয়ার লেনদেন শুরু হয়। এই খাতে বিপুল পরিমাণ বিনিয়োগের প্রেক্ষাপটে শেয়ারবাজারে অ্যানথ্রপিকের যাত্রাকে এআই শিল্পের জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।
অ্যানথ্রপিকের শেয়ারের প্রাথমিক বরাদ্দমূল্য ছিল ৮৩ ডলার। লেনদেন শুরুর পর শেয়ারের দাম দ্রুত সেই সীমা ছাড়িয়ে যায়। এতে এআই ঘিরে বিনিয়োগকারীদের ব্যাপক আগ্রহের বিষয়টি স্পষ্ট হয়।
লেনদেন শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই শেয়ারের দাম বেড়ে ১১১.৫৩ ডলারে পৌঁছায়। এতে কোম্পানিটির বাজারমূল্য প্রায় ২ লাখ কোটি ডলারে উঠে যায়। তবে দিনের শেষ দিকে দাম কমে শেয়ারপ্রতি ৯৭.১৭ ডলারে লেনদেন শেষ হয়।
তবে এআই চ্যাটবট ক্লডের নির্মাতা অ্যানথ্রপিককে আগামী কয়েক মাসও কঠোর পর্যবেক্ষণের মধ্যে থাকতে হবে। এআই নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো, এই বিপুল বিনিয়োগের আদৌ কোনো সুফল মিলবে কি না।
বিনিয়োগকারীদের কেউ কেউ অ্যানথ্রপিকের শেয়ারবাজারে অভিষেককে সফল বলে মনে করছেন। দিন শেষে শেয়ারের দাম প্রায় ১৭ শতাংশ বেড়েছিল। তবে সামগ্রিক প্রযুক্তি খাতের বাজারের চিত্র ছিল ভিন্ন।
প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠানগুলোর আধিক্য থাকা নাসডাক কম্পোজিট সূচক দিন শেষে প্রায় ২ দশমিক ৩ শতাংশ কমেছে। গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের শেয়ারের দাম কমেছে ২ দশমিক ৯ শতাংশ। অ্যামাজনের শেয়ারের দাম কমেছে প্রায় ৩ দশমিক ৯ শতাংশ।
এআইয়ের এই যুগের প্রযুক্তিগত অবকাঠামো গড়ে তুলতে ইতিহাসের অন্যতম ব্যয়বহুল উদ্যোগ চলছে। গত এক বছরেই কয়েকটি বড় প্রযুক্তি প্রতিষ্ঠান এ খাতে ১ লাখ কোটি ডলারের বেশি বিনিয়োগ করেছে।



