দিনের আলোয় কক্সবাজার শহর থাকে পর্যটকের ভিড়ে মুখর। কলাতলী, সুগন্ধা পয়েন্ট কিংবা লাবণী পয়েন্টে তখন ব্যস্ততা, দোকানের আলো আর সমুদ্র দেখতে আসা মানুষের আনাগোনা। কিন্তু রাত গভীর হলে সামনে আসে একই শহরের অন্য একটি চিত্র। বন্ধ দোকানের শাটারের পাশে, ফুটপাতের কোণে কিংবা রাস্তার ধারে গুটিসুটি মেরে ঘুমিয়ে পড়ে একদল শিশু। কারও মাথার ওপর ছাদ নেই, পাশে নেই মা-বাবা। একটি পুরনো বস্তা, ছেঁড়া কাপড় কিংবা কার্টনের টুকরোই অনেকের রাতের বিছানা।
সকালে ঘুম ভাঙার পর তাদের সামনে থাকে আরেক অনিশ্চিত দিন। কারও হাতে উঠে আসে বোতল...