রাত তখন গভীর। ঠাকুরগাঁওয়ের বলাকা সিনেমা হলের মঞ্চে দর্শক নেই; নেই কোনো ঝলমলে আলোও। অথচ কয়েকজন তরুণ ব্যস্ত। কেউ মঞ্চ পরিষ্কার করছেন, কেউ ড্রপসিন বানাচ্ছেন, কেউ আলো বসাচ্ছেন। তাদের কাউকে ক্লান্তি যেন মোটেই স্পর্শ করছে না। নির্দেশনা দিচ্ছেন, কাজ দেখছেন, প্রয়োজনে নিজেও হাত লাগাচ্ছেন। তখনো তিনি রাজনীতির মির্জা ফখরুল ইসলাম আলমগীর নন। তিনি ঠাকুরগাঁওয়ের ‘আলমগীর ভাই’। নাটকের মানুষ, আবৃত্তির মানুষ, খেলাধুলার মানুষ, বন্ধুদের আড্ডার মানুষ।
মির্জা ফখরুলের স্কুলজীবনের বন্ধু অধ্যাপক মনতোষ কুমার দের স্মৃতিতে স...