বিশ্বকাপ
৬৮ বছর পর এক দিনে চার ড্র

সংগৃহীত ছবি
৪৮ দলের বিশ্বকাপের পঞ্চম দিনে দেখা গেল অবিশ্বাস্য এক দৃশ্য। চার ম্যাচের একটিতেও জেতেনি কেউ, মানে চার ম্যাচই ড্র। আর এতেই হলো নতুন এক রেকর্ড। ৬৮ বছর পর বিশ্বকাপের এক দিনে সব ম্যাচই হয়েছে ড্র।
বিশ্বকাপের পঞ্চম দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল টুর্নামেন্টের অন্যতম ফেভারিট স্পেন ও নবাগত কেপ ভার্দে। অসাধারণ ডিফেন্স ও কিপিংয়ে স্পেনকে হতাশ করেছে প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে। গোলশূন্য ড্র হয়েছে ম্যাচটি।
দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল বেলজিয়াম ও মিসর। এ ম্যাচটি অমীমাংসিত থাকে ১-১-এ। দিনের তৃতীয় ম্যাচে সৌদি আরব নেমেছিল উরুগুয়ের বিপক্ষে। সেই ম্যাচও ১-১-এ সমতায় শেষ হয়েছে।
দিনের শেষ খেলায় মুখোমুখি ইরান ও নিউজিল্যান্ড। রোমাঞ্চকর এক লড়াই শেষে দুবার পিছিয়ে পড়েও ২-২ গোলে ড্র করে ইরান।
এর ফলে ফিফা বিশ্বকাপের ইতিহাসে এক দিনে চারটি ড্র দেখা গেল ৬৮ বছর পর। সুইডেনে হওয়া ১৯৫৮ বিশ্বকাপের গ্রুপ পর্বে ১৫ জুন ড্র করেছিল সুইডেন-ওয়েলস (০-০), যুগোস্লাভিয়া-প্যারাগুয়ে (৩-৩), ইংল্যান্ড-অস্ট্রিয়া (২-২) ও নর্দার্ন আয়ারল্যান্ড-জার্মানি (২-২)।
১৯৩০ থেকে শুরু হওয়া ফিফা বিশ্বকাপে এক দিনে চারটি ড্রয়ের ঘটনা এ দুটিই।




