নেইমারকে ছাড়াই নামছে ব্রাজিল!

সংগৃহীত ছবি
তার ফেরা নিয়ে ছিল নানা জল্পনা কল্পনা। গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি দিয়েছেন সেই বহু কাঙ্ক্ষিত সুখবর। ইনজুরি কাটিয়ে ফিট হয়ে উঠেছেন দলের সবচেয়ে বড় তারকা নেইমার। তবে গ্লোবো বলছে, স্কটিশদের বিপক্ষে শুরুর একাদশে জায়গা হবে না এই সুপারস্টারের।
গ্রুপ পর্বের আগেই ইনজুরিতে পড়েছিলেন নেইমার। খেলা হয়নি মরক্কো ও হাইতির বিপক্ষে ম্যাচে। গত কয়েক দিন হলো দলের সঙ্গে অনুশীলন করছেন এই তারকা। আজ স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মলনে আনচেলত্তি জানিয়েছেন, নেইমার এখন মাঠে নামার জন্য ফিট।
তবে নেইমার শুরুর একাদশে থাকবেন কি না, সে ব্যাপারে পরিষ্কার করে কিছু জানাননি আনচেলত্তি। শুধু জানিয়েছেন, একাদশে রাফিনিয়ার বদলে রায়ানকে নেওয়া হতে পারে।
গ্লোবো তাই ধারণা করছে, বেঞ্চে বসেই ম্যাচ শুরু করবেন নেইমার। তাকে নামানো হতে পারে দ্বিতীয়ার্ধে। আনচেলত্তিও জানিয়েছিলেন, ৯০ মিনিট বা ৪৫ মিনিট, নেইমার আসলে কতক্ষণ মাঠে থাকতে পারবেন সেটা ম্যাচের দিনেই বোঝা যাবে।
শেষ পর্যন্ত স্কটল্যান্ডের ম্যাচে কতক্ষণ খেলবেন নেইমার, সেটার জন্য অপেক্ষায় থাকতে হবে আর ভোর ৪টা পর্যন্ত।




