বিশ্বকাপ কেলেঙ্কারি
হাকিমির সন্তানের মা হওয়ার দাবি বাস্কেটবল তারকার!

প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ও মরক্কো জাতীয় দলের তারকা ডিফেন্ডার আশরাফ হাকিমির সন্তানের মা হতে চলেছেন বলে দাবি করেছেন সাবেক ডাব্লিউএনবিএ বাস্কেটবল খেলোয়াড় ও মডেল কিসরে গোন্দ্রেজিক। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করা একটি ভিডিওতে তিনি এই চাঞ্চল্যকর দাবি করেন। অবশ্য কয়েক ঘণ্টার মধ্যেই তিনি ভিডিওটি মুছে দেন। তবে তার আগেই এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে গোন্দ্রেজিক জানান, গত জুলাই মাসে তিনি জানতে পারেন যে তিনি অন্তঃসত্ত্বা। মরক্কো দল যখন ২০২৬ বিশ্বকাপের ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রের হিউস্টনে এসেছিল, ঠিক সেই সময়েই হাকিমির সঙ্গে তার শারিরীক সম্পর্ক হয়েছে বলে তিনি দাবি করেন। ভিডিওতে গোন্দ্রেজিক বলেন, ‘অন্য কাউকে রক্ষা করার চেয়ে এবারই প্রথম আমি নিজের কথা প্রকাশ্যে বলার সিদ্ধান্ত নিয়েছি।’
নিজের মানসিক অবস্থার কথা জানিয়ে সাবেক এই বাস্কেটবল খেলোয়াড় বলেন, ‘জুলাই মাসে প্রথম জানতে পারি যে আমি গর্ভবতী। আপনারা না জেনে থাকলে বলছি, ২০২৬ বিশ্বকাপে মরক্কো দল যখন হিউস্টনে খেলতে এসেছিল, তখনই আশরাফ হাকিমির মাধ্যমে এই গর্ভধারণ হয়। আমি বুঝতে পারছি যে, আমাকে বিভ্রান্ত করা হয়েছে, ব্যবহার করা হয়েছে এবং প্রতারিত করা হয়েছে।’
গোন্দ্রেজিকের দেওয়া তথ্যের সঙ্গে সময়ের একটি মিল খুঁজে পাওয়া গেছে। ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে গত ৪ জুলাই হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে কানাডার মুখোমুখি হয়েছিল মরক্কো। সেই ম্যাচে ৩-০ গোলে জয়ী মরক্কোর হয়ে পুরো ৯০ মিনিট খেলে একটি অ্যাসিস্টও করেছিলেন হাকিমি। ফলে সেই সময়ে হাকিমির হিউস্টনে অবস্থানের বিষয়টি নিশ্চিত হলেও, তাদের মধ্যে ব্যক্তিগত কোনো সাক্ষাৎ হয়েছিল কি না—তার কোনো স্বাধীন বা দাপ্তরিক প্রমাণ পাওয়া যায়নি।
এই বিষয়ে আশরাফ হাকিমি কিংবা তার প্রতিনিধি দল থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া জানানো হয়নি। এমনকি পিএসজি কিংবা মরক্কো ফুটবল ফেডারেশন থেকেও কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ এই ভিডিওটিকে ‘এআই’ বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি বলেও সন্দেহ প্রকাশ করছেন, তবে গোন্দ্রেজিক বা হাকিমি পক্ষ থেকে এর সত্যতা নিয়েও কোনো বক্তব্য মেলেনি।
সাবেক ডাব্লিউএনবিএ ড্রাফটে ৪ নম্বর পিক হিসেবে ইন্ডিয়ানা ফিভারে যোগ দেওয়া ২৭ বছর বয়সী এই বাস্কেটবল তারকা এর আগে ২০২৪ থেকে ২০২৫ সালের শুরুর দিক পর্যন্ত এনবিএ দল বোস্টন সেল্টিকসের খেলোয়াড় জেলেন ব্রাউনের সঙ্গে প্রেমের সম্পর্কে যুক্ত ছিলেন। নতুন এই বিতর্ক ফুটবল ও বাস্কেটবল পরাশক্তিদের কেন্দ্র করে এক বড় ধরণের গুঞ্জন তৈরি করেছে।
উল্লেখ্য, মরক্কোর এই ডিফেন্ডারের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ নতুন নয়। ২০২৩ সালের একটি ধর্ষণের অভিযোগের প্রেক্ষিতে তিনি শীঘ্রই বিচারপ্রক্রিয়ার মুখোমুখি হতে যাচ্ছেন। এর মাঝেই নতুন এই অভিযোগ সামনে এলো।





