দুর্দশায় ইউনাইটেড
ক্লাব কর্মকর্তাদের ধুয়ে দিলেন মার্তিনেস

সংগৃহীত ছবি
ম্যানচেস্টার ইউনাইটেডের সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। চ্যাম্পিয়নস লিগে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ২-০ গোলের হারের পর নিজের ক্ষোভটা আর চাপা রাখতে পারলেন না ইউনাইটেড ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেস। ম্যাচ শেষে সবাইকে খানিকটা অবাক করেই ইউনাইটেডের শীর্ষ কর্মকর্তাদের তীব্র আক্রমণ করলেন এই আর্জেন্টাইন ফুটবলার।
সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচে জয়ের দেখা নেই ইউনাইটেডের। স্বাভাবিকভাবেই আঙুল উঠছে ফুটবলারদের দিকে। কিন্তু মার্তিনেস কাঠগড়ায় দাঁড় করালেন ক্লাবের কর্তাদের।
অ্যামাজন প্রাইমকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্তিনেসের অভিযোগ, এবারের দলবদলে যথেষ্ট বিনিয়োগ করা হয়নি এবং স্কোয়াড শক্তিশালী করার চেষ্টা নেওয়া হয়নি, ‘ব্যাপারটা সত্যিই বাজে। নিজেকে অনেক সময় নিয়ন্ত্রণ করে রাখতে হয় আমার। কিন্তু বলতেই হবে, কখনও কখনও এই ধরনের পারফরম্যান্স আমাদের ক্লাবের বর্তমান অবস্থারই একটি প্রতিচ্ছবি। গত মৌসুমে আমাদের দারুণ কেটেছে এবং এরপর আমরা শীর্ষ পর্যায় থেকে আরও বেশি কিছু আশা করেছি। আমরা চেয়েছি, লড়াই করার জন্য আরও ফুটবলার দলে নিয়ে আসবে তারা, কারণ অনেক দলই অনেক দলই অনেক ভালো ফুটবলার যোগ করেছে তাদের দলে।‘
এবারের দলবদলে ১৫ কোটি পাউন্ড খরচ করেছে ম্যানচেস্টার ইউনাইটেড, তাদের অন্য বড় ছয় প্রতিদ্বন্দ্বী ক্লাবের চেয়ে যা উল্লেখযোগ্য পরিমাণে কম। ক্লাবের টেকনিক্যাল ডিরেক্টর জেসন উইলকক্সকে সরাসরি দায় দিয়ে মার্তিনেস বললেন, তাদের প্রত্যাশা পূরণ করেনি ক্লাব, ‘আতলেতিকোর দলটি অসাধারণ এবং আজকের জয় তাদের প্রাপ্য। কিন্তু আমাদের ক্লাবে আরও বিনিয়োগ আশা করি আমি। আমাদের টেকনিক্যাল ডিরেক্টরের কাছ থেকে আরও বেশি কিছু আশা করি। আমাকে সত্যিটা বলতে হবে আজ। ফুটবলার হিসেবে আমাদের অবশ্যই আরও বেশি কিছু করার আছে। কিন্তু এই ধরনের রাতের জন্য প্রস্তুত থাকতে একটি শক্তিশালি স্কোয়াড গড়াও গুরুত্বপূর্ণ।‘
সব মিলিয়ে সবশেষ সাত ম্যাচের মাত্র একটি জিততে পেরেছে দলটি। তাতে কোচ মাইকেল ক্যারিকের চাকরি এখন আছে ঝুঁকির মুখে।
তবে কোচের পাশে দাঁড়িয়ে মার্তিনেস আবারও বললেন, দায় নিতে হবে ক্লাব কর্তৃপক্ষকে। আর্জেন্টাইন ডিফেন্ডারের মতে, চ্যাম্পিয়ন্স লিগে ভালো করার মতো স্কোয়াড গড়ার চেষ্টা করা হয়নি, ‘ম্যানেজার বদলাতে থাকলে চলবে না। অন্যান্য ক্ষেত্রগুলোর কি হবে? আমি এর বেশি কিছু বলতে পারব না। আজ রাতে কোচ বা ফুটবলারদের দোষ দেওয়া সহজ, কিন্তু আমাদের অন্যান্য ক্ষেত্রগুলোও দেখতে হবে। ক্যারিক তার সেরাটা দেন। প্রতিটি মৌসুম আলাদা। গত মৌসুমে যা করেছেন, তা নিয়ে পড়ে থাকলে চলবে না।‘



