চ্যাম্পিয়নস লিগ
আলভারেসকে নিয়ে সিমিওনের নতুন বার্তা

সংগৃহীত ছবি
ক্লাব ছেড়ে বার্সেলোনায় যাওয়ার ইচ্ছা নিজেই জানিয়েছিলেন। ঘটনাবহুল এক দলবদল মৌসুম পার হলেও শেষ পর্যন্ত বার্সায় যাওয়া হয়নি আতলেতিকো মাদ্রিদের আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেসের। চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-০ গোলে হারানোর পর আতলেতিকো কোচ ডিয়েগো সিমিওনে বলছেন, এখনো আলভারেসকে খুব বেশি দরকার ক্লাবের।
বার্সায় না যেতে পেরে বেশ বিপাকেই পড়েছিলেন আলভারেস। নিজ ক্লাবের দর্শকের কাছে নিয়মিত শুনেছেন দুয়ো। প্রভাবটা পড়েছিল পারফরম্যান্সেও। তবে ধীরে ধীরে ফর্মে ফেরার আভাস দিচ্ছেন এই তারকা ফুটবলার।
ইউনাইটেডের বিপক্ষে ২-০ গোলের জয়ে আতলেতিকোর হয়ে ৭১ মিনিট মাঠে ছিলেন আলভারেস। তার পারফরম্যান্সে খুশি কোচ দিয়েগো সিমেওনে বলছেন, সেরা ফর্মের কাছাকাছিই আছেন এই তারকা।
আলভারেসকে তুলে নেওয়ার সময় অবশ্য মাঠে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। গ্যালারি থেকে তালির শব্দের সঙ্গে ভেসে এলো দুয়োও। দর্শকদের অনেকে তাকে অভিনন্দন জানালেও একটি অংশের প্রতিক্রিয়া থেকে পরিষ্কার, এখনও তারা ভুলতে পারেননি আলভারেসের দলবদলের চাওয়া।
ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে আলভারেসকে নিয়ে দর্শকদের প্রতিক্রিয়াকে স্বাভাবিক বলেই মনে করেন সিমিওনে। তবে কোচ বেশ খুশিই আর্জেন্টাইন ফরোয়ার্ডের পারফরম্যান্সে, ‘খেলোয়াড়রা যা করে, সমর্থকেরাও সেভাবেই সাড়া দেয়। তারা খেলোয়াড়দের সেরাটা দেখতে চায় এবং হুলিয়ান এখন সেটাই দিচ্ছে। আজ তার গোল করার সুযোগ ছিল। আমরা তাকে যেভাবে দেখতে চাই, সেটির আরও কাছাকাছি চলে আসছে সে। তাকে আমাদের প্রয়োজন।‘



