টেস্ট র্যাঙ্কিংয়ে লিটন-হাসানের বড় লাফ

সংগৃহীত ছবি
আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টে ব্যাটে-বলে আলো ছড়ানোর সুফল পেলেন বাংলাদেশের লিটন দাস ও হাসান মাহমুদ। আইসিসির সর্বশেষ টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় তিন ধাপ এগিয়েছেন লিটন। অন্যদিকে বোলারদের তালিকায় সাত ধাপ উন্নতি হয়েছে হাসানের। বাংলাদেশের আরও কয়েকজন ক্রিকেটারের অবস্থানেও পরিবর্তন এসেছে।
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে দুই ইনিংস মিলিয়ে ১৫৫ রান করেছিলেন লিটন। প্রথম ইনিংসে ৫৩ রানের পর দ্বিতীয় ইনিংসে খেলেন ১০২ রানের ইনিংস। এই পারফরম্যান্সে টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ে যৌথভাবে ২৯ নম্বরে উঠে এসেছেন তিনি। তার বর্তমান রেটিং পয়েন্ট ৬১০। তবে এক ধাপ করে পিছিয়েছেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। শান্ত আছেন ২১ নম্বরে ও মুশফিক ১৮ নম্বরে। ১০ ধাপ এগিয়ে ৯২তম স্থানে জায়গা করে নিয়েছেন তানজিদ তামিম।
ব্যাট হাতে লিটনের সাফল্যের পাশাপাশি বল হাতে নজর কেড়েছেন হাসান মাহমুদ। প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসেও একটি উইকেট পান তিনি। টেস্টে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে হ্যাটট্রিক করার কীর্তিও গড়েছেন এই ডানহাতি বোলার। সব মিলিয়ে তার রেটিং পয়েন্ট ও অবস্থানে উন্নতি হয়েছে। নতুন তালিকায় সাত ধাপ এগিয়ে ৩৮তম স্থানে রয়েছেন হাসান।
বাংলাদেশের বোলারদের মধ্যে উন্নতি হয়েছে মেহেদী হাসান মিরাজ ও ইবাদত হোসেনেরও। এক ধাপ এগিয়ে ২২তম স্থানে উঠেছেন মিরাজ। আর ১১ ধাপ এগিয়ে ৬৭তম স্থানে জায়গা করে নিয়েছেন এবাদত। তবে তাইজুল ইসলাম পিছিয়েছেন তিন ধাপ। তার অবস্থান এখন ১৮তম।



