গর্বের সঙ্গে সেই ক্ষত বয়ে বেড়াচ্ছি : তন্বি

সানজিদা আহমেদ তন্বী
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) গবেষণা ও প্রকাশনা সম্পাদক সানজিদা আহমেদ তন্বীর আলোচিত রক্তমাখা ছবি নিয়ে ‘প্রোপাগান্ডা’ চালানোর অভিযোগ উঠেছে।
‘হলের বড় ভাইয়ের পরামর্শে মুখে টমেটো সস মেখেছিলাম : সানজিদা তন্বী (জুলাই যোদ্ধা), এমন একটি ভুয়া উক্তি সম্প্রতি ছড়ানো হয়েছে আওয়ামীপন্থী অ্যাক্টিভিস্ট কাজী মামুনসহ বিভিন্ন ফেসবুক একাউন্ট থেকে।
সেই ভুয়া উক্তিটি নিজের ফেসবুক পেইজে শেয়ার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সিনিয়র অধ্যাপক কাবেরী গায়েন। ভুয়া উক্তিটি ছড়ানোর সময় তিনি একটি প্রশ্ন যুক্ত করে দিয়েছেন, ‘এও কি সত্যি?’
তবে ছাত্রলীগের হাতে ২০২৪ সালের ১৬ জুলাই আহত ও রক্তাক্ত হওয়া সানজিদা তন্বি জানিয়েছেন, এমন কোনো কথা তিনি কখনো বলেননি। তিনি বলেছেন, ‘এটা তো আওয়ামী লীগের পুরান একটা প্রোপাগান্ডা। ২৪ থেকেই বলে আসছে এটা।’
গতকাল শুক্রবার নিজের ফেসবুক আইডিতে ওই দিন আহত হওয়ার পর তোলা চারটি ছবি পোস্ট করেছেন তন্বী। পোস্টের বর্ণনায় লিখেছেন, ‘গর্বের সঙ্গে সেই ক্ষত বয়ে বেড়াচ্ছি।’





