কুয়েতের মরুভূমিতে মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

কুয়েতের নির্জন আল-সালমি এলাকার মরুভূমিতে উট চরাতে গিয়ে গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। ১৯৯৮ সালে জন্ম নেওয়া ওই তরুণের প্রাণহানির পাশাপাশি বিস্ফোরণের ধাক্কায় কাছাকাছি থাকা একটি উটও আহত হয়েছে। ধারণা করা হচ্ছে, ১৯৯০ সালের ইরাকি আগ্রাসনের সময় পুঁতে রাখা কোনো মাইন থেকে এ বিস্ফোরণ ঘটে।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, মরুভূমিতে উট চরানোর সময় ওই বাংলাদেশি রাখাল অসাবধানতাবশত বালির নিচে চাপা পড়ে থাকা একটি অ্যান্টি-পার্সোনেল বা ব্যক্তিবিধ্বংসী মাইনের ওপর পা রাখেন। মুহূর্তেই বিকট শব্দে মাইনটি বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
প্রায় চার দশক পেরিয়ে গেলেও যুদ্ধের সময় পুঁতে রাখা মাইন যে এখনো প্রাণঘাতী, এ ঘটনা আবারও তা স্পষ্ট করেছে।
দুর্ঘটনার খবর পেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপারেশন রুমের নির্দেশে নিরাপত্তা বাহিনী, ফরেনসিক বিশেষজ্ঞ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনার গুরুত্ব বিবেচনায় ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মরদেহ উদ্ধারের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
বিস্ফোরণস্থলের আশপাশে আরও কোনো অবিস্ফোরিত মাইন আছে কি না, তা নিশ্চিত করতে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ দল তল্লাশি চালায়। পাশাপাশি ফায়ার অ্যান্ড এক্সপ্লোসিভস বিভাগের তত্ত্বাবধানে ক্রিমিনাল এভিডেন্স, ফরেনসিক মেডিসিন ও ক্রাইম সিন ইউনিট আলামত সংগ্রহ এবং তদন্ত শুরু করে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া অনুসরণ করে একটি মামলাও করা হয়েছে।
এদিকে, মরুভূমিতে মাইন বিস্ফোরণে এক বাংলাদেশির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। তবে নিহত তরুণের পূর্ণাঙ্গ পরিচয় এখনো দূতাবাসের হাতে পৌঁছায়নি। তাঁর পরিচয় শনাক্ত ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহে দূতাবাস কাজ করছে।
প্রায় চার দশক পরও কুয়েতের বিস্তীর্ণ মরুভূমি ও সীমান্তবর্তী প্রত্যন্ত এলাকায় ইরাকি বাহিনীর পুঁতে রাখা বিস্ফোরক প্রবাসী শ্রমিক ও রাখালদের জন্য আতঙ্ক হয়ে আছে। আল-সালমির এ ঘটনা আবারও সেই বাস্তবতা সামনে এনেছে।



