জেদ্দায় মালয়েশিয়া কার্নিভালে লাকি ড্র বিজয়ী বাংলাদেশি সাংবাদিক দম্পতি

ভিজিট মালয়েশিয়া কার্নিভাল ২০২৬–২০২৭ এ পুরস্কার তুলে নিচ্ছেন বাংলদেশি দম্পতি
সৌদি আরবের জেদ্দায় বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী ‘ভিজিট মালয়েশিয়া কার্নিভাল ২০২৬–২০২৭’। মালয়েশিয়ার পর্যটন, সংস্কৃতি, ঐতিহ্য, খাবার ও ভ্রমণের সম্ভাবনা সৌদি আরবের স্থানীয় বাসিন্দা ও প্রবাসীদের কাছে তুলে ধরতে ১৯ ও ২০ নভেম্বর জেদ্দার সেনোমি ইউ ওয়াক মলে এ কার্নিভালের আয়োজন করা হয়।
মালয়েশিয়া ট্যুরিজম প্রমোশন বোর্ড (ট্যুরিজম মালয়েশিয়া) এবং জেদ্দায় অবস্থিত মালয়েশিয়ার কনস্যুলেট জেনারেলের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে কূটনৈতিক প্রতিনিধি, পর্যটন খাতের কর্মকর্তা, আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও বিপুলসংখ্যক দর্শনার্থী অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরবের মক্কা অঞ্চলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ফারিদ বিন সাদ আল-শেহরি। বিশেষ অতিথি ছিলেন জেদ্দায় নিযুক্ত মালয়েশিয়ার কনসাল জেনারেল তেংকু দাতুক মোহাম্মদ জারাইফ রাজা আবদুল কাদির এবং ট্যুরিজম মালয়েশিয়া জেদ্দার পরিচালক জায়েদি কাসিম।
এ ছাড়া আসিয়ানভুক্ত দেশগুলোর কনসাল জেনারেল ও প্রতিনিধিদের পাশাপাশি ওমান, বাহরাইন, তুরস্ক ও ভারতের কূটনৈতিক প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মালয়েশিয়ার সংস্কৃতি ও পর্যটনের বর্ণিল আয়োজন
দুই দিনের এ কার্নিভালে মালয়েশিয়ার ঐতিহ্যবাহী নৃত্য, সংগীত, সাংস্কৃতিক পরিবেশনা, খাবার তৈরি ও বিনোদনমূলক নানা আয়োজন দর্শনার্থীদের আকৃষ্ট করে। বিশেষ আকর্ষণ ছিল মালয়েশিয়ার জনপ্রিয় খাবার সাতায় ও নাসি লেমাক এবং ঐতিহ্যবাহী পানীয় তেহ তারিক তৈরির সরাসরি প্রদর্শনী।
এ ছাড়া মালয়েশিয়ার পর্যটনকেন্দ্র, আধুনিক হোটেল, প্রাকৃতিক সৌন্দর্য, পরিবারবান্ধব ভ্রমণ, কেনাকাটা, চিকিৎসাসেবা ও শিক্ষার সুযোগ তুলে ধরা হয়। দর্শনার্থীরা বিভিন্ন ভ্রমণ প্যাকেজ, বিমান টিকিট ও বিশেষ হলিডে অফার সম্পর্কেও তথ্য জানার সুযোগ পান।
অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ও সহযোগী সংস্থা
কার্নিভালে প্রদর্শক ও সহযোগী প্রতিষ্ঠান হিসেবে আটটি সংস্থা অংশ নেয়। এগুলো হলো—ট্যুরিজম মালয়েশিয়া, কনস্যুলেট জেনারেল অব মালয়েশিয়া, গালফ এয়ার (অফিশিয়াল এয়ারলাইন পার্টনার), অ্যামাল বাই মালয়েশিয়া এয়ারলাইনস (অফিশিয়াল এয়ারলাইন পার্টনার), আলমোসাফার (অফিশিয়াল ট্রাভেল এজেন্ট পার্টনার), মাইমাকান (মালয়েশিয়ান ফুড প্রমোশন), মালয়েশিয়া হেলথকেয়ার ট্রাভেল কাউন্সিল এবং এডুকেশন মালয়েশিয়া গ্লোবাল অ্যাসিস্ট।
এ আয়োজনে স্পন্সর হিসেবে সহযোগিতা করে এয়ারএশিয়া, সাবাহ ট্যুরিজম বোর্ড, বোর্নিও ট্রেইলস ট্যুরস অ্যান্ড ট্রাভেল, সানওয়ে রিসোর্ট হোটেলস, লেক্সিস হোটেল গ্রুপ, পার্করয়্যাল পেনাং রিসোর্ট, আয়ন ম্যাজেস্টিক হসপিটালিটি, লাংকাউই ডেভেলপমেন্ট অথরিটি, ইউনিভার্সাল হলিডেজ, এশিয়ান ওভারল্যান্ড সার্ভিসেস এবং ল্যাভেন্ডার হলিডেজ।
লাকি ড্রতে বিজয়ী বাংলাদেশি সাংবাদিক দম্পতি
কার্নিভালের অন্যতম আকর্ষণ ছিল লাকি ড্র। এতে বিজয়ী হন জেদ্দায় কর্মরত বাংলাদেশি সাংবাদিক মোহাম্মদ ফিরোজ ও তার স্ত্রী আবেদা সুলতানা। তাঁদের এ অর্জনে প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
লাকি ড্রর পুরস্কারের মধ্যে ছিল এয়ারএশিয়ার সৌজন্যে জেদ্দা-কুয়ালালামপুর-জেদ্দা রুটে একজনের জন্য ফিরতি ইকোনমি ক্লাসের বিমান টিকিট। এ ছাড়া ইউনিভার্সাল হলিডেজ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের সৌজন্যে জেন্টিং



