তারেক রহমানের জন্মদিনে রোগী-এতিমদের মাঝে ধর্মমন্ত্রীর খাবার বিতরণ

সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে কুমিল্লার মুরাদনগরে হাসপাতালের চিকিৎসাধীন রোগী ও এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইনের (কায়কোবাদ) পক্ষ থেকে এ খাবার বিতরণ করা হয়। এ উপলক্ষে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার মুরাদনগর ও বাঙ্গরা উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির শুরুতে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগীদের মাঝে খাবার বিতরণ করা হয়। পরে মুরাদনগর মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের খাবার পরিবেশন করা হয়।
খাবার বিতরণ শেষে মাদ্রাসা প্রাঙ্গণে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। পাশাপাশি তার মরহুম পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা মাতা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। এ সময় দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
আয়োজকরা জানান, ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইনের (কায়কোবাদ) নির্দেশনায় জন্মদিনের আনুষ্ঠানিকতার বাইরে গিয়ে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
কর্মসূচিতে মুরাদনগর ও বাঙ্গরা উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, মাদ্রাসার শিক্ষক, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



