রেজিস্ট্রেশন দপ্তর ন্যস্ত হচ্ছে ভূমি মন্ত্রণালয়ে

জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক। ছবি: সংগৃহীত
আইন মন্ত্রণালয়ের অধীন রেজিস্ট্রেশন দপ্তরকে ভূমি মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করা হচ্ছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম ও পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
কমিটির সভাপতি নাসের রহমানের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটির সদস্য ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, জয়নাল আবদিন, শাহ মো. ওয়ারেছ আলী মামুন, এরশাদ উল্লাহ, সুলতানা আহমেদ, মাহবুবুর রহমান (বেলাল) ও মুহাম্মদুল্লাহ।
বৈঠকের শুরুতে কমিটির সভাপতি, সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা পরিচিতি পর্বে অংশ নেন। পরে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে মন্ত্রণালয়ের অধীন দপ্তর ও সংস্থাগুলোর জনবল, পরিচিতি ও কার্যাবলি, মন্ত্রণালয়ের উল্লেখযোগ্য অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়।
বৈঠকে জানানো হয়, ভূমি মন্ত্রণালয়ের অধীনে ভূমি ব্যবস্থাপনা স্বয়ংক্রিয়করণ প্রকল্প, মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং প্রকল্প, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের ডিজিটাল জরিপ পরিচালনার সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্প, জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ড রুম সংস্কার ও মেরামত প্রকল্প, ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপের মাধ্যমে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা প্রতিষ্ঠা প্রকল্প, সারা দেশে শহর ও ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ প্রকল্প এবং সমন্বিত উপজেলা ভূমি কমপ্লেক্স নির্মাণ প্রকল্প চলমান রয়েছে। যেকোনো প্রকল্প গ্রহণের ক্ষেত্রে সরকারের রাজস্ব আয় এবং জনগণের সুবিধা বৃদ্ধির বিষয়কে প্রাধান্য দেওয়ার সুপারিশ করেছে কমিটি।
এ ছাড়া ভূমিসংক্রান্ত সেবা কার্যক্রম ত্বরান্বিত করতে মাঠপর্যায়ের শূন্য পদে জনবল নিয়োগের পদক্ষেপ নিতে মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়। মন্ত্রণালয়ের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করতে ভূমি ভবন পরিদর্শনের সিদ্ধান্তও নেয় কমিটি।
বৈঠকে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, মন্ত্রণালয়ের অধীন দপ্তর ও সংস্থার প্রধানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা ছিলেন বলে জাতীয় সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।




