প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয়ে বিশেষ শিশুদের উপযোগী পরিবেশ গড়বে সরকার

দেশের ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০৩০ সালের মধ্যে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষার উপযোগী পরিবেশ ও প্রয়োজনীয় সক্ষমতা গড়ে তোলা হবে। এ কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর দোয়েল চত্বরে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে ‘আলোকিত শিশু ১৮-র জয়গান’ শীর্ষক দিনব্যাপী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিশেষ শিশুদের বিকাশ ও শিক্ষায় কাজ করা প্রতিষ্ঠান আলোকিত শিশুর ১৮ বছর পূর্তি উপলক্ষে এ উৎসবের আয়োজন করা হয়।
ববি হাজ্জাজ বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা ও বিকাশ শুধু পরিবার বা বিশেষায়িত প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। এ জন্য দেশব্যাপী সচেতনতা ও সবার সম্পৃক্ততা প্রয়োজন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষার ক্ষেত্রে বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি।
আলোকিত শিশুর মতো প্রতিষ্ঠানের অভিজ্ঞতা দেশজুড়ে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী। অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা আস্থা রাখুন। দেশের সব বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর শিক্ষা ও বিকাশের সুযোগ নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। প্রতিটি শিশু তার সক্ষমতা ও প্রতিভা বিকাশের সুযোগ পাক, এটাই আমরা চাই।’
২০০৯ সাল থেকে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা ও প্রারম্ভিক বিকাশ নিয়ে কাজ করছে আলোকিত শিশু। বিশেষ শিক্ষা, অকুপেশনাল থেরাপি, স্পিচ থেরাপি, ফিজিওথেরাপি, শিক্ষক ও অভিভাবকদের প্রশিক্ষণ এবং আবাসিক সেবার মাধ্যমে প্রতিষ্ঠানটি হাজারো শিশুর পাশে দাঁড়িয়েছে।
উৎসবের শুরুতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশু, অভিভাবক ও শিক্ষকেরা একসঙ্গে অংশ নেন। এরপর অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন ও শিল্পকর্ম প্রতিযোগিতা। পাশাপাশি শিশুদের আঁকা ছবি নিয়ে আয়োজন করা হয় প্রদর্শনী। ক্রীড়া প্রতিযোগিতায় কাউকে বিজিত ঘোষণা করা হয়নি। সবার হাতেই তুলে দেওয়া হয় চ্যাম্পিয়ন ক্রেস্ট। আয়োজকেরা জানান, সমাজের প্রতিটি বিশেষ শিশুকে তাঁরা নিজ নিজ পরিবেশে একজন চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চান। দিনের শেষ পর্বে শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রারম্ভিক শিশু বিকাশ, থেরাপি সেবা ও বিশেষ শিক্ষা নিয়ে আয়োজিত প্যানেল আলোচনায় অভিভাবকেরাও অংশ নেন। ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট মো. মাহফুজ আলম শিশুর সক্ষমতা বাড়াতে মোটর প্ল্যানিং স্কিলে অভিভাবকদের করণীয় তুলে ধরেন।
‘আলোকিত শিশু অভিভাবকের কথা’ শীর্ষক আলোচনায় বক্তব্য দেন সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সেন্ট্রাল ম্যানেজার ডা. খন্দকার রাকিবা রহমান। ‘আপনার শিশুর আজীবন ব্যবস্থাপনা’ বিষয়ে উপস্থাপনা করেন আলোকিত জীবন ফাউন্ডেশনের এক্সিকিউটিভ মেহেদী হাসান মাহফুজ। এ ছাড়া ‘আলোকিত ফাউন্ডেশন শেয়ারহোল্ডারের কথা’ তুলে ধরেন আলোকিত শিশু স্কুলের অভিভাবক মো. সাইফুল ইসলাম খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলোকিত শিশুর চেয়ারপারসন ও সহকারী অধ্যাপক এবং অকুপেশনাল থেরাপিস্ট মো. জহির উদ্দিন আকন্দ। তিনি বলেন, ‘মানুষের জীবনে আঠারো বছর মানে তারুণ্য, আত্মনির্ভরতা ও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন; একটি প্রতিষ্ঠানের ক্ষেত্রেও আঠারো বছর মানে দীর্ঘ সংগ্রাম, অভিজ্ঞতা আর সাফল্যের এক পরিপক্ব অধ্যায়।’
জহির উদ্দিন আকন্দ বলেন, ১৮ বছর আগে রোপণ করা ছোট স্বপ্নের বীজ সবার ভালোবাসা, আস্থা ও সম্মিলিত প্রচেষ্টায় আজ মহীরুহে পরিণত হয়েছে। প্রতিটি শিশুই অনন্য। সঠিক দিকনির্দেশনা, থেরাপি ও ভালোবাসা পেলে প্রতিটি শিশুই স্বাবলম্বী হয়ে উঠতে পারে বলে বিশ্বাস করে প্রতিষ্ঠানটি।শিশুদের আজীবন ব্যবস্থাপনার লক্ষ্যে হেমায়েতপুরের কাছে সিংগাইরের পানিশাইলে আলোকিত জীবন ফাউন্ডেশনের উদ্যোগে সিটি ও রিসোর্টের কার্যক্রম শুরু হয়েছে বলে জানান জহির উদ্দিন। সেখানে অটিজম হোম, ওল্ড হোম, ইসলামিক ক্যাডেট কলেজ, ভোকেশনাল সেন্টারসহ বিভিন্ন প্রতিষ্ঠান থাকবে।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলের রেজিস্ট্রার (যুগ্ম সচিব) মোহাম্মদ হারুন অর রশিদ, কন্টিনেন্টাল হাসপাতাল লিমিটেডের পেডিয়াট্রিক নিউরোলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডা. আনজুমান আরা বিউটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক এ কে এম আমজাদ হোসেন।



