এইচআরএসএস-এর প্রতিবেদন
নির্বাচনের পর দুইশতাধিক সহিংসতা, নিহত ৩

সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী দুই দিনে দুই শতাধিক সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় তিনজন নিহত ও তিন শতাধিক মানুষ আহত হয়েছেন। গত দুই দিনে দেশের ৩০টি জেলায় দুই শতাধিক সহিংসতার ঘটনা ঘটেছে।
রবিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এদিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকেন্দ্রিক সহিংসতা ও নির্বাচন পর্যবেক্ষণ পরবর্তী এই সংবাদ সম্মেলনের আয়োজক এইচআরএসএস।
সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক এজাজুল ইসলাম বলেন, নির্বাচন পরবর্তী সহিংসতায় মুন্সিগঞ্জ ও বাগেরহাটে দুই যুবক এবং ময়মনসিংহে এক শিশু নিহত হয়। এ ছাড়া নোয়াখালীতে একটি ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
এসব সহিংসতার ঘটনায় বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকরা জড়িত উল্লেখ করে এইচআরএসএসের সংবাদ সম্মেলনে বলা হয়, নির্বাচন পরবর্তী এসব সহিংসতায় ৩৫০টি ব্যবসাপ্রতিষ্ঠান, অফিস, ঘরবাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

