রাজনৈতিক অর্থায়নে স্বচ্ছতা প্রতিষ্ঠায় দক্ষিণ এশিয়া নাগরিক সমাজের ঐক্যবদ্ধ উদ্যোগ

সংগৃহীত ছবি
রাজনৈতিক অর্থায়নে স্বচ্ছতা প্রতিষ্ঠা এবং রাজনৈতিক দলগুলোর তহবিল সংগ্রহ ও নির্বাচনী প্রচারণার ব্যয়সংক্রান্ত আইন বাস্তবায়নের বিদ্যমান ঘাটতি মোকাবিলায় একযোগে কাজ করার উদ্যোগ নিয়েছে দক্ষিণ এশিয়ার নাগরিক সমাজ। এ লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার আটটি সংগঠন ‘সাউথ এশিয়া পলিটিক্যাল ফাইন্যান্স ইন্টেগ্রিটি নেটওয়ার্ক’ (পলফিন)।
এই নেটওয়ার্কে সুশাসন, দুর্নীতিবিরোধী কার্যক্রম, নির্বাচনব্যবস্থার সংস্কার, গবেষণা, জবাবদিহি এবং যুবসম্পৃক্ততা নিয়ে কাজ করা নাগরিক সমাজের সংগঠন, গবেষক ও তরুণ কর্মীরা যুক্ত হয়েছেন। নেটওয়ার্কটির সমন্বয়কের ভূমিকা পালন করছে নারীনেতৃত্বাধীন আন্তর্জাতিক অলাভজনক সংস্থা পার্টনারশিপস ফর ইন্টেগ্রিটি (পি৪আই)।
আঞ্চলিক সহযোগিতা জোরদার করার মাধ্যমে সদস্য সংগঠনগুলোর মধ্যে গবেষণা ও অভিজ্ঞতা বিনিময়, রাজনৈতিক অর্থায়ন পর্যবেক্ষণে যৌথ উদ্যোগ গ্রহণ এবং বিদ্যমান আইন ও বিধিবিধানের কার্যকর বাস্তবায়নে সম্মিলিত অ্যাডভোকেসি কার্যক্রম পরিচালনা করাই পলিফিনের লক্ষ্য।
দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রাজনৈতিক অর্থায়ন এখনো সুশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয়। রাজনৈতিক অনুদানের উৎস, নির্বাচনী প্রচারণার ব্যয় এবং রাজনৈতিক দল ও প্রার্থীদের আর্থিক তথ্য প্রকাশের ক্ষেত্রে বিভিন্ন দেশে এখনো নানা প্রশ্ন ও সীমাবদ্ধতা বিদ্যমান।
বিভিন্ন দেশে রাজনৈতিক অর্থায়ন নিয়ন্ত্রণে আইন ও বিধিবিধান থাকলেও সেগুলোর যথাযথ বাস্তবায়ন, তদারকির সক্ষমতার সীমাবদ্ধতা এবং দুর্বল প্রয়োগব্যবস্থা এখনো বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। এসব সীমাবদ্ধতা জনজবাবদিহিতাকে দুর্বল করার পাশাপাশি রাজনৈতিক দল ও নির্বাচনী প্রচারণার অর্থায়ন সম্পর্কে নাগরিকদের তথ্য জানার ও তা যাচাই করার সুযোগ সীমিত করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাব (এডিএল) সুশাসন, সংসদীয় তদারকি, স্বচ্ছতা এবং গণতান্ত্রিক রূপান্তরে তরুণদের অংশগ্রহণ সম্প্রসারণের ক্ষেত্রে তাদের অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগাবে।
এডিএলের পরিচালক অধ্যাপক মোহাম্মদ আইনুল ইসলাম বলেন, ‘বাংলাদেশে রাজনৈতিক দল ও রাজনৈতিক অর্থায়নের ক্ষেত্রে কঠোর নিয়ন্ত্রণব্যবস্থার অনুপস্থিতি গণতান্ত্রিক অংশগ্রহণকে ক্রমেই অর্থনির্ভর কর্মকাণ্ডে পরিণত করেছে। এর ফলে তৃণমূল পর্যায়ের প্রতিনিধিত্ব উপেক্ষিত হচ্ছে এবং সম্পদ ও পৃষ্ঠপোষকতানির্ভর রাজনীতি প্রাধান্য পাচ্ছে। জনপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) নির্বাচনী ব্যয়ের নির্ধারিত সীমা থাকলেও দুর্বল তদারকির কারণে আনুষ্ঠানিকভাবে ঘোষিত হিসাবের সঙ্গে দলীয় কার্যক্রম ও নির্বাচনে ব্যবহৃত অনানুষ্ঠানিক ও অজবাবদিহিমূলক অর্থের মধ্যে ব্যাপক ব্যবধান থেকে যাচ্ছে।’
‘ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বাধ্যতামূলক আর্থিক লেনদেন, স্বাধীন নিরীক্ষা এবং নির্বাচন কমিশনের সক্রিয় তদারকির মাধ্যমে কঠোর আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করা কেবল প্রশাসনিক সংস্কারের বিষয় নয়; বরং ব্যবসা ও রাজনীতির অনৈতিক যোগসাজশ ভাঙা, নীতিনির্ধারণে স্বার্থান্বেষী গোষ্ঠীর প্রভাব প্রতিরোধ এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানের প্রতি জনগণের আস্থা পুনরুদ্ধারের অন্যতম পূর্বশর্ত,’ যোগ করেন তিনি।
অধ্যাপক আইনুল ইসলাম বলেন, ‘চ্যালেঞ্জটি শুধু আইন প্রণয়নের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং রাজনৈতিক দল ও প্রার্থীরা যেন এসব আইন যথাযথভাবে মেনে চলেন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো যেন কার্যকরভাবে তা পর্যবেক্ষণ ও বাস্তবায়ন করে, সেটি নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ।’
পলফিনের সদস্য সংগঠনগুলোর মধ্যে রয়েছে পাকিস্তানের সাসটেইনেবল সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এসএসডিও), শ্রীলঙ্কার ইনস্টিটিউট ফর ডেমোক্রেটিক রিফর্মস অ্যান্ড ইলেক্টোরাল স্টাডিজ (আইআরইএস), নেপালের অ্যাকাউন্টেবিলিটি ল্যাব, ভারতের অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর), নেপালের ইয়ুথ ইন ফেডারেল ডিসকোর্স (ওয়াইএফডি), বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাব (এডিএল) এবং পার্টনারশিপস ফর ইন্টেগ্রিটি (পি৪আই)।



