বাংলাদেশি রোগীদের ভালো গন্তব্য হতে পারে মালয়েশিয়া : হাইকমিশনার

মালয়েশিয়ার হাইকমিশনার ও বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী
মালয়েশিয়ার হাই কমিশনার মোহাম্মদ শুহাদা ওসমান বলেছেন, কম্বোডিয়ার রোগীরা আগে থাইল্যান্ড যেতো। তারা এখন মালয়েশিয়া যাচ্ছে। বাংলাদেশের রোগীদের জন্যও মালয়েশিয়া একটি ভালো গন্তব্য হতে পারে। মালয়েশিয়া হেলথকেয়ার ট্রাভেল কাউন্সিলের মাধ্যমে আগ্রহী বাংলাদেশিরা চিকিৎসা সহযোগিতা পেতে পারেন। মালয়েশিয়ায় চিকিৎসার বিভিন্ন খরচ, ওষুধের দাম ইত্যাদি বোর্ডে লেখা থাকে। খরচও অন্যান্য দেশের চেয়ে কম।
আজ মঙ্গলবার সকালে সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে সাক্ষাৎ করে এসব কথা বলেছেন মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওসমান। স্বাস্থ্যমন্ত্রীর অফিস কক্ষে তারা সাক্ষাৎ করেন।
এসময় উভয়পক্ষ বিশেষত স্বাস্থ্যখাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করেন।
মালয়েশিয়ার চিকিৎসা ব্যবস্থার অগ্রগতির প্রশংসা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশও কিছু কিছু ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি হয়েছে। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকদের জন্য মালয়েশিয়ায় কিডনি ট্রান্সপ্লান্টেশন, লিভার ট্রান্সপ্লান্টেশন, বোনম্যারো ট্রান্সপ্ল্যানটেশন ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা যেতে পারে।
তিনি চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে যৌথভাবে কিছু করা যায় কিনা এবং সেক্ষেত্রে সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
মালয়েশিয়ার হাইকমিশনার জানান, বাংলাদেশেও কিছু মালয় শিক্ষার্থী এমবিবিএস, এমডিএস এবং কৃষি নিয়ে পড়াশোনা করছে। এ সময় মালয়েশিয়ার শিক্ষার্থীদের যে কোনো রকম সহযোগিতার আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী।
হাইকমিশনার স্বাস্থ্যমন্ত্রীকে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানান। সুবিধাজনক সময়ে যাবেন বলে জানান মন্ত্রী। সাক্ষাৎকালে হাই কমিশন ও মালয়েশিয়া হেলথকেয়ার ট্রাভেল কাউন্সিলের কর্মকর্তা, তাদের বাংলাদেশি অংশীদার ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।







