সামার স্কুল : ইতিহাস ও সংস্কৃতির খোঁজে তারুণ্যের সম্মিলন

তরুণ গবেষকদের উদ্বুদ্ধ করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী বিশেষ সামার স্কুল।
বাংলার ইতিহাস, সংস্কৃতি ও বুদ্ধিবৃত্তিক চিন্তার বিবর্তন নিয়ে তরুণ গবেষকদের উদ্বুদ্ধ করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলো তিন দিনব্যাপী বিশেষ সামার স্কুল। বেঙ্গল ইনস্টিটিউট অব হিস্ট্রি অ্যান্ড আইডিয়াসের (বিহি) আয়োজনে গত শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজ ইন আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস (কারাস) মিলনায়তনে শুরু হয় এই আয়োজন।
এবারের সামার স্কুলের মূল শিরোনাম ছিল— ‘দ্য অটোনোমাস বেঙ্গল, কলোনিয়াল এনকাউন্টারস অ্যান্ড দ্য মেকিং অব মডার্ন বাংলাদেশ’। আয়োজকরা জানান, তরুণ গবেষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও ইতিহাস আগ্রহীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত ছিল এবারের আসর।
আজ রবিবার সমাপনী দিনে গবেষক মেহেদী হাসানের মডারেশনে একটি প্রাণবন্ত প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্যানেলিস্ট হিসেবে আলোচনায় অংশ নেন লেখক ও গবেষক সহুল আহমেদ মুন্না (রাজনৈতিক ইতিহাস), আইনের ইতিহাসবিদ রাশেদ রাহম (আইনি ও সাংবিধানিক ইতিহাস) এবং আহমেদ দীন রুমি (লোক-সংস্কৃতির ঐতিহাসিকতা)। আয়োজনের সবশেষ সেশনটি পরিচালনা করেন বাংলা একাডেমির মহাপরিচালক ড. মোহাম্মদ আজম। এরপর অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণের মাধ্যমে এবারের আসরের সমাপ্তি ঘটে।
এর আগে আয়োজনের প্রথম দিনে অনুষ্ঠিত হয় মোট তিনটি সেশন। প্রথম সেশনে বিহির রিসার্চ ডিরেক্টর আহমেদ দীন রুমি ইতিহাস চর্চায় পুথি সাহিত্যের সামাজিক ও সাংস্কৃতিক গুরুত্ব তুলে ধরেন। দ্বিতীয় সেশনে ফরায়েজী ও তাইয়ুনি দ্বন্দ্বের আন্তর্জাতিক বিস্তৃতি নিয়ে আলোচনা করেন আমেরিকার হুইটম্যান কলেজের সহকারী অধ্যাপক ড. তৈমুর রেজা। তৃতীয় সেশনে বৈশ্বিক একাডেমিতে প্রচলিত ইতিহাস লিখনবিদ্যার বিভিন্ন ধারা এবং শিলালিপি ও মুদ্রা পাঠের মৌলিক বিষয়বস্তু আলোচনা করেন বিহির ডিরেক্টর অব একাডেমিক অ্যাফেয়ার্স মেহেদি হাসান।
দ্বিতীয় দিনে আবুল হাশিম, মওলানা ভাসানি এবং মওলানা আকরম খাঁর চিন্তাধারার ওপর আলোকপাত করেন ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির পিএইচডি ক্যান্ডিডেট মিজানুর রহমান। এরপর সিনেমা ও ইতিহাসের পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন লেখক, চলচ্চিত্র নির্মাতা ও কিউরেটর জাহিন ফারুক আমিন এবং চতুর্দশ শতকের সুফি নূর কুতুবুল আলমের ফারসি গ্রন্থ ‘আনিসুল গুরাবা’ নিয়ে লেখক ও গবেষক তাহমিদাল জামি। সেশন শেষে বাংলার ইতিহাসের বিভিন্ন গবেষণার ঘাটতি নিয়ে গ্রুপ প্রেজেন্টেশন উপস্থাপন করেন অংশগ্রহণকারীরা।
উল্লেখ্য, বেঙ্গল ইনস্টিটিউট অব হিস্ট্রি অ্যান্ড আইডিয়াস (বিহি) হলো ঢাকাভিত্তিক একটি গবেষণা প্রতিষ্ঠান, যা বাংলার বুদ্ধিবৃত্তিক ইতিহাস, চিন্তার প্রবাহ ও জ্ঞানতাত্ত্বিক ঐতিহ্য নিয়ে তরুণ গবেষকদের সাথে কাজ করে থাকে।




