রেনেসাঁ ঢাকায় চাটগাঁইয়া খাবারের বিশেষ বুফে

সংগৃহীত ছবি
চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার ও মেজবান সংস্কৃতির স্বাদ ঢাকায় তুলে ধরতে বিশেষ বুফে ডিনারের আয়োজন করেছে রেনেসাঁ ঢাকা গুলশান হোটেল। ‘মেজ্জানত আইয়ুন’ শীর্ষক এ আয়োজন ১১ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত হোটেলের তৃতীয় তলায় বাহার মাল্টি-কুইজিন রেস্তোরাঁয় চলবে।
আয়োজনে থাকছে চট্টগ্রামের জনপ্রিয় নানা পদ। এর মধ্যে রয়েছে চাটগাঁইয়া আখনি বিরিয়ানি, মেজবান গোশত, লইট্টা শুঁটকি ভুনা, ছুরি শুঁটকি দোপিয়াজা, ভেটকি পাতুরি, ছোলার ডাল ও ভুনা খিচুড়ি। পাশাপাশি থাকছে চাটগাঁইয়া পায়া নল্লি, নারিকেল কোরমা, সরিষা কচুর লতি ও আতপ ভাত।
বুফের শুরুতে অতিথিরা উপভোগ করতে পারবেন বিভিন্ন ধরনের সালাদ, দেশীয় ভর্তা ও আচার। এ ছাড়া সরাসরি পরিবেশনের ব্যবস্থায় থাকছে চাপটি ও চিতই পিঠা, বিভিন্ন ভর্তা, লুচি ও কলিজা। ভাজাপোড়ার আয়োজনে থাকছে পতেঙ্গার চিংড়ির চপ, লইট্টা মাছ ভাজা ও রূপচাঁদা ভাজা।
মিষ্টান্নের তালিকায় রয়েছে ক্ষীর সন্দেশ, রসমালাই, মিষ্টি দই, তাল পিঠা ও মেড়া পিঠা। পাশাপাশি সরাসরি পরিবেশনের ব্যবস্থায় থাকছে ভাপা পিঠা ও ক্ষীর পাটিসাপটা।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, বুফে ডিনারের মূল্য ৮ হাজার ৯৯৯ টাকা। অতিথিদের জন্য রয়েছে ‘একটির দামে তিনটি বুফে’ বিশেষ অফার, যা সব ধরনের মূল্য পরিশোধের মাধ্যমে প্রযোজ্য।
হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, দেশীয় খাবারের ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরার পাশাপাশি অতিথিদের ভিন্ন স্বাদের অভিজ্ঞতা দিতেই এ আয়োজন করা হয়েছে।



