হত্যাচেষ্টার আরেক মামলায় গ্রেপ্তার কণ্ঠশিল্পী মমতাজ

ছবি: আগামীর সময়
রাজধানীর মিরপুর মডেল থানার মোক্তার হোসেন হত্যাচেষ্টার নতুন মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী মমতাজকে গ্রেপ্তার দেখানোর যৌক্তিকতা তুলে ধরেন। মমতাজের আইনজীবী অ্যাডভোকেট আব্দুস সালাম মোল্লা গ্রেপ্তার না দেখানোর প্রার্থনা করেন।
উভয়পক্ষের শুনানি শেষে আদালত মমতাজকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।
এর আগে গত বছরের ১২ মে রাত পৌনে ১২টার দিকে ধানমন্ডি এলাকা থেতে মমতাজকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। কারাগারে থাকা অবস্থায় গত সোমবার মমতাজ বেগমকে নতুন করে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার এসআই আজিজুল হক।
মামলার বিবরণে বলা হয়েছে, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালে ৪ অগাস্ট দুপুরে মিরপুরের সুইমিংপুল ও ফায়ার সার্ভিস রোড এলাকায় গুলিবিদ্ধ হন মোক্তার হোসেন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন তিনি। পরে সুস্থ হয়ে হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন মোক্তার হোসেন।
শিল্পী মমতাজ আওয়ামী লীগের মনোনয়নে ২০০৮ সালে সংরক্ষিত আসনে সংসদের সদস্য হন। পরবর্তী ২০১৪ ও ২০১৮ সালে নৌকা প্রতীকে নির্বাচন করে মানিকগঞ্জ-২ আসনে থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে নিজ এলাকা মানিকগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান তিনি। তার পর থেকেই আড়ালে চলে যান তিনি।




