তুরাগে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

গ্রাফিকস: আগামীর সময়
রাজধানীর তুরাগে মোটরসাইকেলের ধাক্কায় মো. হাসান তালুকদার (৪৮) নামে নিহত হয়েছেন এক ব্যক্তি। একটি এক্সেসরিজ কারখানায় লেভেল অপারেটর হিসেবে কাজ করতেন তিনি।
বুধবার রাত সাড়ে ৭টার দিকে তুরাগ থানাধীন নলভোগ কবরস্থানসংলগ্ন এলাকায় ঘটে এ দুর্ঘটনা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উত্তরা বাংলাদেশ মেডিকেলে নেওয়া হয়। পরে রাত পৌনে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
হাসান তালুকদারের রুমমেট আকরাম হোসেন জানান, রাতে বাজার করতে বের হয়েছিলেন হাসান। নলভোগ কবরস্থানসংলগ্ন এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক মো. সেলিম হোসেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে মৃতদেহটি।
নিহত হাসান তালুকদারের বাড়ি পিরোজপুর সদর উপজেলার উদয়কাঠি গ্রামে। তার বাবার নাম আব্দুস সোবাহান তালুকদার। তুরাগের নলভোগ এলাকায় একটি ব্যাচেলর বাসায় থাকতেন তিনি।




