চকবাজারে দুই অটোরিকশার সংঘর্ষে চালকের মৃত্যু

গ্রাফিকস: আগামীর সময়
রাজধানীর চকবাজারে ব্যাটারিচালিত দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মারা গেছেন দবির আহমেদ (৫০) নামে এক চালক। মঙ্গলবার বিকেল ৪টার দিকে উর্দু রোডের একটি মসজিদের সামনে ঘটে এ দুর্ঘটনা।
মৃতের মহাজন রতন জানান, বিকেলে উর্দু রোডের মসজিদের সামনে দুটি ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দবির গুরুতর আহত হন। পরে অপর অটোরিকশার চালক তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হলে বাসায় চলে যান তিনি। তবে পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে রাত ৮টার দিকে আবারও তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। এ সময় পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রতন আরও জানান, ঢামেকে দবিরের মৃত্যুর খবর জানতে পেরে অপর অটোরিকশার চালক কৌশলে হাসপাতাল থেকে পালিয়ে যান।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, মৃতদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি জানানো হয়েছে সংশ্লিষ্ট থানাকে।
নিহত দবির আহমেদ পাবনার চাটমোহর উপজেলার অষ্টমণিষা গ্রামের সোহরাব প্রামাণিকের ছেলে। রাজধানীর কামরাঙ্গীরচরের মাদবরনগর এলাকার একটি গ্যারেজে থাকতেন তিনি।




