শ্রমিকদের ন্যূনতম মজুরি : সিপিডির মূল্যায়ন নিয়ে শিল্প উদ্যোক্তাদের ছয় দফা

সংগৃহীত ছবি
পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) মূল্যায়ন ও প্রস্তাব নিয়ে ছয়টি পর্যবেক্ষণ তুলে ধরেছেন শিল্প উদ্যোক্তারা। তাদের দাবি, সিপিডির গবেষণায় ব্যবহৃত তথ্য, হিসাব ও পদ্ধতিতে কিছু অসংগতি রয়েছে। এসব বিষয়ে ব্যাখ্যা চাওয়ার পাশাপাশি মজুরি নির্ধারণ প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা।
গত ১৮ নভেম্বর সিপিডির উপস্থাপনার পরিপ্রেক্ষিতে দেওয়া এক পর্যবেক্ষণে উদ্যোক্তারা এসব কথা জানান। তারা বলেছেন, ২০১৩, ২০১৮ ও ২০২৩ সালে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে সিপিডি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এবারের প্রক্রিয়ায়ও সিপিডির গবেষণা ও মূল্যায়নকে স্বাগত জানাচ্ছেন তারা। তবে কয়েকটি বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা প্রয়োজন।
উদ্যোক্তাদের প্রথম পর্যবেক্ষণ, পাঁচটি গবেষণা প্রতিবেদনের তথ্য বিশ্লেষণ করে মধ্যক পদ্ধতিতে শ্রমিক পরিবারের সদস্যসংখ্যা চারজন এবং উপার্জনক্ষম সদস্যের সংখ্যা ১ দশমিক ৫৮ জন নির্ধারণ করেছে সিপিডি। তাদের মতে, এ ক্ষেত্রে গড় ব্যবহার করলে বিভিন্ন গবেষণার ফলাফল আরও যথাযথভাবে প্রতিফলিত হতো।
তারা উল্লেখ করেছেন, সিপিডির ২০২৩ সালের নিজস্ব জরিপে পোশাকশ্রমিক পরিবারের গড় সদস্যসংখ্যা ছিল ৩ দশমিক ৭ জন। উপার্জনক্ষম সদস্য ছিলেন দুজন। অথচ ১৮ নভেম্বর ২০২৬-এর উপস্থাপনায় পরিবারের সদস্যসংখ্যা চারজন এবং উপার্জনক্ষম সদস্যের সংখ্যা ১ দশমিক ৫৮ জন দেখানো হয়েছে। মাত্র তিন বছরের ব্যবধানে এ পরিবর্তনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন উদ্যোক্তারা।
এ প্রসঙ্গে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০২৩ সালের আর্থসামাজিক ও জনমিতিক জরিপের তথ্য তুলে ধরেছেন তারা।
বিবিএসের তথ্যানুযায়ী, জাতীয় পর্যায়ে পরিবারের গড় সদস্যসংখ্যা ২০০৪ সালে ছিল ৪ দশমিক ৬৬ জন। ২০১১ সালে তা কমে ৪ দশমিক ৩৫ জন এবং ২০২৩ সালে ৩ দশমিক ৯৬ জনে দাঁড়ায়। জাতীয় পর্যায়ে পরিবারের সদস্যসংখ্যা কমলেও পোশাকশ্রমিক পরিবারের ক্ষেত্রে তা বাড়ার বিষয়টি আরও ব্যাখ্যার দাবি রাখে বলে মনে করেন তারা।
দ্বিতীয় পর্যবেক্ষণে উদ্যোক্তারা বলেছেন, সমগ্র পোশাকশিল্পের মজুরি নির্ধারণে সিপিডি শুধু ঢাকা মহানগর এলাকার উচ্চতর দারিদ্র্যসীমাকে ভিত্তি হিসেবে বিবেচনা করেছে। অথচ ২০২২ সালের খানা আয় ও ব্যয় জরিপ অনুযায়ী, ঢাকা মহানগরে জীবনযাত্রার ব্যয় তুলনামূলক বেশি।
তাদের মতে, ঢাকা মহানগর ও ঢাকা গ্রামীণ এলাকার উচ্চতর দারিদ্র্যসীমার গড় ৪ হাজার ৫৭৮ টাকা বিবেচনা করা যেতে পারত। ২০২২ সালের জরিপে ঢাকা গ্রামীণ এলাকার উচ্চতর দারিদ্র্যসীমা ছিল ৪ হাজার ২৩৪ টাকা।
উদ্যোক্তাদের সুপারিশ, অঞ্চলভিত্তিক উচ্চতর দারিদ্র্যসীমার পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার কারখানার সংখ্যা ও রপ্তানির পরিমাণ বিবেচনায় নিয়ে একটি ভারসাম্যপূর্ণ গড় নির্ধারণ করা উচিত।
এ বিষয়ে তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) তথ্যও তুলে ধরেছেন তারা। তাদের দাবি, ২০২৫-২৬ অর্থবছরে ঢাকা মহানগরের কারখানাগুলো থেকে দেশের মোট পোশাক রপ্তানির মাত্র ৯ শতাংশ এসেছে। বাকি ৯১ শতাংশ রপ্তানি হয়েছে অন্যান্য এলাকা থেকে। তাই শুধু ঢাকা মহানগরের তথ্যের ভিত্তিতে পুরো শিল্পের মজুরি নির্ধারণ করলে বাস্তবতার সঙ্গে অসামঞ্জস্য তৈরি হতে পারে।
তৃতীয় পর্যবেক্ষণে সিপিডির প্রতিবেদনের ২২ নম্বর স্লাইডে খাদ্যবহির্ভূত ব্যয় নির্ধারণের পদ্ধতি নিয়ে আপত্তি জানিয়েছেন উদ্যোক্তারা।
তাদের ভাষ্য, আঙ্কার পদ্ধতি অনুসরণ করে ২০২২ সালের খানা আয় ও ব্যয় জরিপের ৪০তম শতকরা অবস্থান অনুযায়ী খাদ্য ব্যয়ের ০.৮৬৬৭ গুণ ধরে খাদ্যবহির্ভূত ব্যয় হিসাব করেছে সিপিডি। এর সঙ্গে অতিরিক্ত ১০ হাজার টাকা আবাসন ব্যয় যোগ করা হয়েছে।
উদ্যোক্তাদের মতে, ২০২২ সালের জরিপে খাদ্যবহির্ভূত ব্যয়ের মধ্যে আবাসনসহ অন্যান্য খরচ ইতোমধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। ফলে নতুন করে আবাসন ব্যয় যোগ করলে একই খরচ দুইবার গণনার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে সিপিডির কাছে হিসাবপদ্ধতির ব্যাখ্যা চেয়েছেন তারা।
উদ্যোক্তারা আরও বলেছেন, ২০২৩ সালের ডিসেম্বরে নির্ধারিত ১২ হাজার ৫০০ টাকা ন্যূনতম মজুরি বর্তমান মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করা হলেও পরবর্তী সময়ে দেওয়া বার্ষিক বেতন বৃদ্ধির হার বিবেচনায় নেওয়া হয়নি। বিশেষ করে ২০২৪ সালে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে নির্ধারিত ৯ শতাংশ বার্ষিক বেতন বৃদ্ধির বিষয়টি হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত করা প্রয়োজন ছিল।
তাদের আরেকটি পর্যবেক্ষণ, সিপিডির প্রস্তাব মূলত প্রবেশপর্যায়ের শ্রমিকদের মজুরিকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। শ্রমিকপক্ষের প্রস্তাবিত অন্যান্য গ্রেডের মজুরি নিয়েও সিপিডির সুস্পষ্ট মূল্যায়ন থাকা দরকার।
উদ্যোক্তাদের মতে, শুধু ন্যূনতম মজুরি নয়, মজুরি বৃদ্ধির সামগ্রিক প্রভাবও মূল্যায়ন করা জরুরি। এ ক্ষেত্রে পোশাকশিল্পের গড় মজুরি ব্যয়, ভারত ও পাকিস্তানের মতো প্রতিযোগী দেশের সঙ্গে মজুরির তুলনা এবং শিল্পের অন্যান্য ব্যয় বিবেচনায় নিতে হবে। জ্বালানি, ঋণের সুদের হার, পণ্য পরিবহন ব্যয় ও কাঠামোগত সীমাবদ্ধতাও হিসাবের মধ্যে রাখা প্রয়োজন।
তাদের দাবি, গত তিন বছরে পোশাকশিল্পের উৎপাদন ব্যয় বেড়েছে ২৫ থেকে ৩০ শতাংশ। বিপরীতে রপ্তানি মূল্য কমেছে ২ দশমিক ৬ শতাংশ। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্যের ভিত্তিতে এ দাবি করেছেন তারা।
উদ্যোক্তারা আরও জানিয়েছেন, ঋণখেলাপির চাপের মধ্যে ব্যাংকঋণের সুদের হার ১২ থেকে ১৬ শতাংশে পৌঁছেছে। একই সময়ে রপ্তানি প্রণোদনা কমেছে প্রায় ৭০ শতাংশ। এসব কারণে শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা চাপে পড়েছে।
তাদের দেওয়া তথ্য অনুযায়ী, গত তিন বছরে ২৮৭টি পোশাক কারখানা বন্ধ হয়েছে। আরও অনেক কারখানা অর্থনৈতিক ঝুঁকির মধ্যে রয়েছে।
প্রতিযোগী দেশগুলোর সঙ্গে মজুরির তুলনা তুলে ধরে উদ্যোক্তারা জানিয়েছেন, ভারত ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের গড় মজুরির ব্যবধান অনেক কমে এসেছে। ২০১৬ থেকে ২০২৬ সালের মধ্যে বাংলাদেশে ন্যূনতম মজুরি বেড়েছে ১৩৬ শতাংশ। একই সময়ে ভারতে ৫৯ শতাংশ, ভিয়েতনামে ৫৪ শতাংশ এবং কম্বোডিয়ায় ৫০ শতাংশ বেড়েছে।
এ ছাড়া গ্যাস ও বিদ্যুৎ সংকট, বিনিয়োগ হ্রাস, নীতিগত অস্থিরতা এবং স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রস্তুতিকেও বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন তারা। যুক্তরাষ্ট্রের অতিরিক্ত ১০ থেকে ২০ শতাংশ শুল্ক বৃদ্ধির বিষয়টিও তুলে ধরেছেন উদ্যোক্তারা।
তাদের মতে, ভারত ও ভিয়েতনাম ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করেছে। অন্যদিকে এলডিসি থেকে উত্তরণের পর ইউরোপের বাজারে বাংলাদেশের বিদ্যমান বাণিজ্যসুবিধা হারানোর আশঙ্কা রয়েছে। তাই ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা বিবেচনায় নিয়েই মজুরি বৃদ্ধির প্রভাব মূল্যায়ন করা প্রয়োজন।
উত্থাপিত পর্যবেক্ষণগুলোর বিষয়ে সিপিডির আনুষ্ঠানিক মতামত ও ব্যাখ্যা চেয়েছেন পোশাকশিল্পের উদ্যোক্তারা। একই সঙ্গে দীর্ঘদিন ধরে গবেষণা ও নীতিনির্ধারণী প্রক্রিয়ায় সিপিডির ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা।
উদ্যোক্তাদের প্রত্যাশা, স্বচ্ছ ও গঠনমূলক আলোচনার মাধ্যমে শ্রমিক ও শিল্প, উভয় পক্ষের স্বার্থ রক্ষা করা সম্ভব হবে। একটি যৌক্তিক, স্বচ্ছ ও তথ্যনির্ভর ন্যূনতম মজুরি নির্ধারণের কাঠামো তৈরিতে সিপিডির সহযোগিতাও কামনা করেছেন তারা।



