আবুল হায়াতের ‘সাড়ে তিন হাত মাটি’

আবুল হায়াত। ছবি: সংগৃহীত
জীবনঘনিষ্ঠ গল্পের নাটক ‘সাড়ে তিন হাত মাটি’-তে অভিনয় করেছেন আবুল হায়াত। মহিন খানের রচনা ও পরিচালনায় নির্মিত নাটকটি গতকাল শুক্রবার ইউটিউবে প্রচার হয়েছে।
নাটকটির গল্পে উঠে এসেছে পরিবার, সম্পত্তি ও উত্তরাধিকার নিয়ে দ্বন্দ্বের পাশাপাশি জীবনের চূড়ান্ত পরিণতির বাস্তবতা। গল্পে দেখা যায়, প্রথম স্ত্রী মারা যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করেন আবুল হায়াতের চরিত্রটি। দুই স্ত্রীর সন্তানদের মধ্যে জায়গা-সম্পত্তি নিয়ে তৈরি হয় বিরোধ। একপর্যায়ে সামনে আসে পারিবারিক সম্পর্কের নানা টানাপড়েন। তবে সব দ্বন্দ্বের শেষেই মানুষের চূড়ান্ত ঠিকানা যে কবর— সে সত্যটিই নাটকের মূল বার্তা।
নাটকটি প্রসঙ্গে আবুল হায়াত জানান, মহিন খান খুব চমৎকার গল্প লেখেন এবং গুছিয়ে কাজ করেন। ‘সাড়ে তিন হাত মাটি’র গল্পটি তার ভালো লেগেছে বলেও জানান তিনি।
এদিকে, ইউটিউবে প্রকাশিত হয়েছে আবুল হায়াত অভিনীত আরেক নাটক ‘দাদী ভয়ংকর’। পাশাপাশি ৮ সেপ্টেম্বর থেকে নতুন একটি ধারাবাহিক নাটকের কাজ শুরু করার কথা জানিয়েছেন এই অভিনেতা।





