ককরোচদের আন্দোলনে সরব বলিউড

আন্দোলনের মঞ্চে প্রকাশ রাজ- ইনস্টাগ্রাম
ভারতে ভোটার তালিকা সংশোধন ও নির্বাচনপ্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে ককরোচ জনতা পার্টির চলমান আন্দোলনে সরব হয়েছেন বলিউডের একাধিক তারকা। কেউ সরাসরি প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছেন, কেউবা সামাজিক যোগাযোগমাধ্যমে আন্দোলনকারীদের প্রতি সমর্থন জানিয়েছেন। তাদের অংশগ্রহণে আন্দোলনটি বিনোদন জগতে আলোচনার বিষয় হয়ে উঠেছে।
সরাসরি অংশগ্রহণ
গত ২ অক্টোবর মুম্বাইয়ের শিবাজি পার্কে আয়োজিত প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ, অভিনেত্রী শাবানা আজমি, সংগীতশিল্পী বিশাল দাদলানি, চলচ্চিত্র নির্মাতা বিশাল ভরদ্বাজ ও সংগীতশিল্পী রেখা ভরদ্বাজ। ৮ অক্টোবর বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে আয়োজিত কর্মসূচিতে অংশ নেন অভিনেতা প্রকাশ রাজ ও ইউটিউবার ধ্রুব রাঠি।
আটক ইমরান খান
মুম্বাইয়ের অাগস্ট ক্রান্তি ময়দান এলাকায় ১০ অক্টোবর প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন অভিনেতা ইমরান খান। তার সঙ্গে ছিলেন লেখা ওয়াশিংটন ও জায়েন মেরি খান। কর্মসূচি চলাকালে তাদের আটক করা হলেও পরে মুক্তি দেওয়া হয়। ইনস্টাগ্রামে ভাগ করা ভিডিওতে ক্যামেরার সামনে নিজের হাত, আঙুল ও পায়ে আঘাতের চিহ্ন দেখান জায়েন খান। তার পর তিনি বললেন, ‘এত ভয় দেখিও না যে, আর ভয় অবশিষ্টই না থাকে।’
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানানো তারকাদের মধ্যে রয়েছেন সোনাক্ষী সিনহা, রিচা চাড্ডা, অনুরাগ কাশ্যপ, বিজয় ভার্মা, হুমা কুরেশি, সাকিব সেলিম, বিক্রমাদিত্য মোতওয়ানে ও বীর দাস। কেউ ব্যঙ্গাত্মক পোস্ট দিয়েছেন, কেউ শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার নিয়ে লিখেছেন, আবার কেউ আটক আন্দোলনকারীদের প্রতি সংহতি জানিয়েছেন। ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে কটাক্ষ করে ‘সেভিং প্রাইভেট জ্ঞান’ লিখেছেন অভিনেতা বিজয় ভার্মা।
অন্যদিকে, নারী বিক্ষোভকারীদের ওপর হামলার নিন্দা জানিয়েছেন অভিনেত্রী ভূমি পেডনেকর। তার মন্তব্য, ‘নবরাত্রিতে দেবীর পূজা, অথচ বছরের বাকি দিনগুলোয় নারীদের হয়রানি— কী নিখুঁত অভিনয়!’



