ভুলে নাকফুল খেয়ে ফেললেন শেহনাজ গিল!

শেহনাজ গিল। ছবি: ইনস্টাগ্রাম
শুটিং সেটে বিহাইন্ড-দ্য-সিনস ভিডিও মানেই মজার সব মুহূর্ত। তবে এবার এমন এক ভিডিও ভাইরাল হলো, যা দেখে উদ্বেগে পড়েছেন শেহনাজ গিলের ভক্তরা।
সিনেমার শুটিং চলাকালে হঠাৎ এক দুর্ঘটনার মুখে পড়েছেন অভিনেত্রী শেহনাজ গিল! শুটিং চলাকালীন দৌড়াতে গিয়ে নাকে পরার নথ সোজা মুখের ভেতর ঢুকে যায় তার।
ধারণা করা হচ্ছে, তিনি সেই নথটি গিলে ফেলেছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই এ দুর্ঘটনার ভিডিও শেয়ার করেছেন।
শেয়ার করা ভিডিওতে দেখা যায়, দৃশ্য অনুযায়ী সেটে দৌড়াচ্ছিলেন শেহনাজ। হঠাৎ করেই তার নাকের নথ খুলে মুখের ভেতর চলে যায় এবং তিনি প্রচণ্ড কাশতে শুরু করেন।
অবস্থা বেগতিক দেখে পাশে থাকা সহ-অভিনেতা সৌরভ সচদেভা এগিয়ে আসেন এবং শেহনাজের পিঠ চাপড়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন।
ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে শেহনাজ লেখেন— ‘ভিডিওটির পেছনের গল্প বলি… আপনারা অনেকেই আমাকে নথ খসে পড়ার সেই মুহূর্তটি পোস্ট করার অনুরোধ করছিলেন, তাই শেয়ার করলাম।’
ভিডিওটি ভাইরাল হতেই কমেন্ট বক্সে উদ্বেগের ঝড় তুলেছেন অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীরা। একজন ভক্ত লিখেছেন, ‘কাজের প্রতি তোমার এই নিষ্ঠা প্রশংসনীয়! কিন্তু দয়া করে নিজের যত্ন নাও, তুমি আমাদের কাছে অনেক মূল্যবান।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘নিজের খেয়াল রেখো শেহনাজ, ভাগ্যিস বড় কোনো দুর্ঘটনা ঘটেনি!’
জানা গেছে, এ দুর্ঘটনাটি ঘটেছে তার নতুন পাঞ্জাবি সিনেমা ‘ইশকনামা’-র শুটিং সেটে। অরবিন্দর খাইরা পরিচালিত এই পিরিয়ড ড্রামাটিতে ভারত ও পাকিস্তানের দুই তরুণ-তরুণীর প্রেমের গল্প তুলে ধরা হয়েছে। সিনেমাটিতে শেহনাজের সঙ্গে প্রধান ভূমিকায় অভিনয় করছেন জয় রান্ধাওয়া।
এ ছাড়া আগামী ১১ সেপ্টেম্বর ২০২৬-এ বিশ্ব জুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে শেহনাজ গিলের নতুন রোমান্টিক-কমেডি সিনেমা ‘সিং ভার্সেস কৌর ২’। ২০১৩ সালের ব্লকবাস্টার সিনেমার সিক্যুয়েল এই ছবিতে গিপ্পি গ্রেওয়ালের বিপরীতে দেখা যাবে এই অভিনেত্রীকে।





