আগামীর সময়ে খবর প্রকাশের পর ঢাবির সেই ভাইভা স্থগিত

ঢাকা বিশ্ববিদ্যালয়—ফাইল ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আরবি বিভাগে প্রভাষক নিয়োগের মৌখিক পরীক্ষা (ভাইভা) স্থগিত করা হয়েছে। গত ১২ অক্টোবর ‘পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!’ শিরোনামে আগামীর সময়ে সংবাদ প্রকাশের পর এলো এ সিদ্ধান্ত।
আগামী ১৮ অক্টোবর এই ভাইভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বিষয়টি নিশ্চিত করে আরবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মিজানুর রহমান আজ বুধবার আগামীর সময়কে বলেছেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আমাকে ভাইভা স্থগিতের বিষয়টি জানানো হয়েছে। তবে নতুন তারিখ জানানো হয়নি।’
এদিকে ভাইভা স্থগিত হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন বিদেশে উচ্চশিক্ষায় অবস্থানরত প্রার্থীরা। তারা বলছেন, ‘অল্প সময়ের মধ্যে ভাইভার তারিখ জানানোয় দেশে ফেরা এবং প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। পরীক্ষা স্থগিত হওয়ায় আপাতত সেই দুশ্চিন্তা কেটেছে।’
বিদেশে অবস্থানরত প্রার্থীদের জন্য দেশে ফেরার টিকিট সংগ্রহ, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম সমন্বয় এবং অন্যান্য আনুষঙ্গিক প্রস্তুতি সম্পন্ন করতে সময় প্রয়োজন। নতুন তারিখ নির্ধারণের ক্ষেত্রে পর্যাপ্ত সময় দেওয়া হলে সব প্রার্থীর অংশগ্রহণের সুযোগ নিশ্চিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রভাষক নিয়োগের জন্য ২০২৫ সালের জুলাইয়ে একটি স্থায়ী ও দুটি অস্থায়ীসহ মোট তিনটি পদের বিপরীতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। চলতি বছরের ১৩ জানুয়ারি মৌখিক পরীক্ষার তারিখ নির্ধারণ করা হলেও পরে তা স্থগিত করা হয়। দীর্ঘ বিরতির পর গত ১১ অক্টোবর নতুন করে ১৮ অক্টোবর ভাইভার তারিখ নির্ধারণ করা হয়।
তবে নির্ধারিত তারিখের মাত্র ছয় দিন আগে, ১২ অক্টোবর ই-মেইলের মাধ্যমে বিষয়টি জানতে পারেন বিদেশে অবস্থানরত প্রার্থীদের কেউ কেউ। এ নিয়ে নিয়োগপ্রক্রিয়ায় প্রার্থীদের সমান সুযোগ নিশ্চিত করা এবং এত অল্প সময়ে ভাইভার আয়োজনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন ওঠে।
গত ১২ অক্টোবর এ বিষয়ে আগামীর সময়ে প্রতিবেদন প্রকাশের পর ভাইভা স্থগিতের খবর সামনে এলো। তবে পরীক্ষা স্থগিতের কারণ এবং নতুন তারিখ নির্ধারণের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।




