আগামীর সময়

পোশাক রপ্তানিতে দ্বিতীয় স্থান ধরে রেখেছে বাংলাদেশ

পোশাক রপ্তানিতে দ্বিতীয় স্থান ধরে রেখেছে বাংলাদেশ

সংগৃহীত ছবি

২০২৫ সালে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) তৈরি পোশাকের সামগ্রিক আমদানি বেড়েছে ২ শতাংশেরও বেশি। এ সময়ে ইইউতে সর্বোচ্চ পোশাক রপ্তানি করেছে চীন। এর পরে দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশের বছর ব্যবধানে জোটটিতে রপ্তানি বেড়েছে প্রায় ৬ শতাংশ।

ইউরোস্ট্যাটের তথ্য বলছে, গত বছর ইইউভুক্ত দেশগুলো মোট প্রায় ৯০ বিলিয়ন ডলারের তৈরি পোশাক আমদানি করেছে, যা আগের বছরের তুলনায় ২ শতাংশের বেশি বৃদ্ধি নির্দেশ করে।

সবচেয়ে বেশি রপ্তানিকারক দেশ চীনের রপ্তানি ১ দশমিক ১৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৬ দশমিক ৫৮ বিলিয়ন ডলারে।

দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশের রপ্তানি একই সময়ে ৫ দশমিক ৯৭ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৯ দশমিক ৪১ বিলিয়ন ডলারে। তবে ২০২৪ সালের ডিসেম্বরের তুলনায় ২০২৫ সালের ডিসেম্বরে ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি ১২ দশমিক ০৫ শতাংশ কমেছে।

তৃতীয় অবস্থানে থাকা তুরস্কের রপ্তানি ১০ দশমিক ৭৩ শতাংশ কমে ৮ দশমিক ৩৪ বিলিয়ন ডলারে নেমে এসেছে। অন্যদিকে ভারতের রপ্তানি ৭ দশমিক ৯৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪ দশমিক ৫২ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

বিশ্লেষকদের মতে, বৈশ্বিক বাজারের প্রতিযোগিতা ও সরবরাহ ব্যবস্থার চ্যালেঞ্জের মধ্যেও ইইউ বাজারে বাংলাদেশের অবস্থান ধরে রাখা দেশের তৈরি পোশাক খাতের জন্য ইতিবাচক বার্তা বহন করছে।

    শেয়ার করুন: