রূপান্তর, প্রবৃদ্ধি ও টেকসই উন্নয়নের অঙ্গীকারে কমিউনিটি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী

সংগৃহীত ছবি
রূপান্তর, প্রবৃদ্ধি ও টেকসই উন্নয়নের অঙ্গীকার নিয়ে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে আধুনিক, গ্রাহককেন্দ্রিক ও দায়িত্বশীল ব্যাংকিংয়ের প্রত্যয় ব্যক্ত করেন ব্যাংকটির কর্মকর্তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। এতে সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বাংলাদেশ ব্যাংক ও নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি, বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য, শেয়ারহোল্ডার, করপোরেট গ্রাহক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্যে কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন বলেছেন, ব্যাংকের ভবিষ্যৎ পথচলায় প্রযুক্তি, কাজের পদ্ধতি, সেবার মান ও গ্রাহক সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনা হবে। পাশাপাশি দায়িত্বশীল ব্যবসা, দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি এবং টেকসই প্রতিষ্ঠান গড়ে তোলাকে গুরুত্ব দেওয়া হবে।
প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আহমেদ কমিউনিটি ব্যাংকের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানান। তিনি ব্যাংকিং সেবার মানোন্নয়ন, আর্থিক সেবার আওতা বাড়ানো এবং গ্রাহকের আস্থা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সামাজিক দায়বদ্ধতার কার্যক্রমকে মানুষের বাস্তব প্রয়োজনের সঙ্গে যুক্ত করার আহ্বান জানান। শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও সামাজিক উন্নয়নে ব্যাংকের কার্যকর ভূমিকা রাখার ওপরও গুরুত্ব দেন তিনি।
সভাপতির বক্তব্যে কমিউনিটি ব্যাংকের চেয়ারম্যান ও বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির, বিপিএম, বলেছেন, প্রযুক্তি, ডিজিটাল সেবা ও গ্রাহকের পরিবর্তিত চাহিদার সঙ্গে তাল মিলিয়ে ব্যাংককে আরও দক্ষ, উদ্ভাবনী ও মানবিক হতে হবে। ব্যাংকের অগ্রযাত্রায় কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক, শেয়ারহোল্ডার ও নিয়ন্ত্রক সংস্থাগুলোর সহযোগিতার কথাও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের এএসআই থেকে পরিদর্শক এবং সমমর্যাদার নিশ্চয়তাপ্রাপ্ত সদস্যদের মোটরসাইকেল কেনার জন্য বিশেষ ঋণসুবিধা এবং মানুষের নিজস্ব বাড়ির স্বপ্ন পূরণে আবাসন ঋণসুবিধা চালু করা হয়।
এ ছাড়া সেরা করপোরেট গ্রাহক, সেরা শাখা বা উপশাখা এবং সেরা কর্মী হিসেবে নির্বাচিতদের পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের পরিচালক ও বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মো. আকরাম হোসেন, বিপিএম (সেবা), স্বতন্ত্র পরিচালক ড. মো. মোর্শেদ হাসান খানসহ ব্যাংকের পরিচালক, ঊর্ধ্বতন কর্মকর্তা, গ্রাহক ও করপোরেট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনের মধ্য দিয়ে প্রযুক্তিনির্ভর, গ্রাহককেন্দ্রিক ও টেকসই ব্যাংকিংয়ের মাধ্যমে মানুষের আস্থা আরও বাড়ানো এবং দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় ভূমিকা রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে কমিউনিটি ব্যাংক।



