সরকারি কর্ম কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীনের বিদায় সংবর্ধনা

সংগৃহীত ছবি
সরকারি চাকরি থেকে অবসর উপলক্ষে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) কমিশন সচিবালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া। বক্তব্যে তিনি বলেন, দীর্ঘ কর্মজীবনে সততা, দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন মাসুমা আফরীন। তাঁর আন্তরিকতা ও দায়িত্বশীলতা কমিশনের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখী অবসরজীবন কামনা করেন চেয়ারম্যান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কমিশনের সদস্যরা এবং সভাপতি হিসেবে কমিশন সচিবালয়ের সচিব মো. ফজলুর রহমান বক্তব্য দেন। তাঁরা মাসুমা আফরীনের কর্মনিষ্ঠা, মানবিক নেতৃত্ব, সহকর্মীদের প্রতি আন্তরিকতা ও দায়িত্বশীল আচরণের প্রশংসা করেন। তাঁদের মতে, প্রতিকূল পরিস্থিতিতেও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে তিনি কমিশনের কার্যক্রম দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে অবদান রেখেছেন। তাঁর অভিজ্ঞতা ও মূল্যবোধ ভবিষ্যৎ প্রজন্মের কর্মকর্তাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
বিদায়ী বক্তব্যে মাসুমা আফরীন কমিশনের চেয়ারম্যান, সদস্য এবং সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, কমিশন সচিবালয়ে দায়িত্ব পালন তাঁর কর্মজীবনের একটি গৌরবময় অধ্যায়। সহকর্মীদের সহযোগিতা ও সহমর্মিতা তিনি আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবেন।
সহকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন এবং সততার সঙ্গে কাজ করলে সময় তার প্রতিদান দেবে।” এ সময় তিনি কমিশন ও সচিবালয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে কমিশন ও সচিবালয়ের পক্ষ থেকে মাসুমা আফরীনকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে কমিশনের সদস্য, যুগ্মসচিব, উপসচিবসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।



