চিত্রা এক্সপ্রেস ট্রেনে নারী বহন করছিলেন মাদকযুক্ত সিরাপ

ঢাকা থেকে খুলনাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনে বিশেষ তল্লাশি চালিয়ে বেশকিছু কোডিনযুক্ত মাদক সিরাপসহ এক নারীকে গ্রেপ্তার করেছে ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশ। গ্রেপ্তার হওয়া নাজমা খাতুন (৪৫) চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ছোট দুধপাতিলা গ্রামের বাসিন্দা।
রেলওয়ে পুলিশের ভাষ্য, বুধবার (২৪ জুন) দিনগত রাতে চিত্রা এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদীর মুলাডুলি রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় 'গ' বগিতে নিয়মিত তল্লাশি চালানো হয়। এ সময় এক নারীর আচরণ সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তীতে ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে নারী পুলিশের সহায়তায় নাজমা খাতুনকে তল্লাশি করা হলে, ভ্যানিটি ব্যাগ থেকে ৩২ বোতল কোডিনযুক্ত এবং শরীরের সঙ্গে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৪৪ বোতল সিরাপ বের করে দেন।
উদ্ধারকৃত ৭৬ বোতল কোডিনযুক্ত সিরাপের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ২৮ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
ঈশ্বরদী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, আটককৃত ওই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৪ (গ) ধারায় মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।





