শেরপুরে রাস্তা পার হওয়ার সময় মাইক্রোবাসের ধাক্কায় পথচারী নিহত

গ্রাফিকস: আগামীর সময়
বগুড়ার শেরপুরে রাস্তা পার হওয়ার সময় মাইক্রোবাসের ধাক্কায় রুবেল হোসেন (৩০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে উপজেলার ঘোগা বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রুবেলের বাড়ি উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের ক্ষিদির হাসড়া গ্রামে।
স্থানীয়দের বরাতে শেরপুর হাইওয়ে থানার ওসি আইয়ুব আলী জানান, বিকালে ঘোগা বটতলা এলাকায় রাস্তা পার হচ্ছিলেন রুবেল। এ সময় বগুড়াগামী একটি হায়েস মাইক্রোবাস তাকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন।
হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে মরদেহ ছোনকা বাজার জামে মসজিদের সামনে রাখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে স্বজনরা সেখানে এসে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ বাড়িতে নিয়ে যান।
ওসি আইয়ুব জানিয়েছেন, গাড়িটির নম্বর বা চালকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে এবং গাড়িটি শনাক্তে পুলিশ কাজ করছে।




