নোয়াখালীতে আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ

ছবি: আগামীর সময়
নোয়াখালীর বেগমগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের মিছিল থেকে গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে।
শুক্রবার দুপুর পৌনে তিনটার দিকে চৌমুহনী পূর্ব বাজারের কাচারি বাড়ি এলাকা থেকে মিছিলটি বের করা হয়। মিছিলটি চৌমুহনী বাজারের বড় পোল হয়ে নাপিতের পোল এলাকা প্রদক্ষিণ করে।
স্থানীয়রা জানালেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের একদল নেতা-কর্মী প্ল্যাকার্ড হাতে কাচারি বাড়ি মসজিদের সামনে জড়ো হন। পরে তারা মিছিল বের করেন। মিছিলটি নাপিতের পোল এলাকায় পৌঁছালে গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিসের প্রধান ফটকে পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় কার্যালয়ের বাইরের দুটি জানালার থাই গ্লাসও ভাঙচুর করা হয়। হামলাকারীরা সেখানে প্রায় পাঁচ মিনিট অবস্থান করে চলে যান।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃষ্টির মধ্যে মিছিলকারীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ও ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দেন। মিছিলে আট দফা দাবির সমর্থনে বিক্ষোভ ও গণপ্রতিবাদ কর্মসূচির একটি ব্যানারও ছিল। গ্রামীণ ব্যাংকের কার্যালয়ের প্রধান ফটকে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার পর জানালার কাচ ভাঙচুর করা হয়। আগুনে ফটকের কিছু অংশ পুড়ে যায়। এ সময় কার্যালয়ের ভেতরে থাকা কর্মচারীরা দ্রুত বের হয়ে আগুন নেভান।
বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুল কবির বললেন, নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীরা যেখান থেকে মিছিল বের করেন, তার পাশেই গ্রামীণ ব্যাংকের কার্যালয়। পরে তারা কার্যালয়টির প্রধান ফটকে আগুন ধরিয়ে দেন। তবে তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলা হয়। একই সময়ে জানালার দুটি থাই গ্লাস ভাঙচুর করা হয়। এ ঘটনায় কেউ হতাহত হননি।



