চুয়াডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৭

চুয়াডাঙ্গার দামুড়হুদা ও জীবননগরে বিভিন্ন এলাকা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১০ জুন ) রাত সাড়ে ১২ টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত এ অভিযান চলে।
গ্রেপ্তাররা হলেন, দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামের আলম হোসেনের ছেলে এবং নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাব্বির হোসেন (২২), জয়রামপুর গ্রামের আক্কাস আলীর মেয়ে রেশমা বেগম ওরফে চম্পা (৪৩), জীবননগর উপজেলার হরিহরনগর গ্রামের আমানুল্লাহ ছেলে দোয়েল (২৩), মানিকপুর গ্রামের মনসুর মণ্ডলের ছেলে সোনা মন্ডল (৩০), উথলী গ্রামের আক্তার হোসেনের ছেলে উজ্জ্বল (২৮), একই গ্রামের খোকন মিয়ার ছেলে তুহিন হোসেন (২৩) ও ঝিনাইদহ জেলা শহরের কাঞ্চনপুর এলাকার মৃত শাহজাহান ইসলামের ছেলে মেহেদী হাসান (৩০)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রুহুল কবীর খানের নির্দেশে দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) মেজবাহ উদ্দিন ও জীবননগর থানার ওসি সোলায়মান শেখের নেতৃত্বে পুলিশের একাধিক টিম দুই উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
ঘটনা সত্যতা নিশ্চিত করেছে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি)। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নাশকতা, চুরি ও মাদকের মামলা রয়েছে। তাদের চুয়াডাঙ্গা আদালতে পাঠানো হয়েছে।






