জয়পুরহাটে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বাইকারের
জয়পুরহাট প্রতিনিধি

মাহির ওয়াসিফ মিতুল। সংগৃহীত ছবি
জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় মাহির ওয়াসিফ মিতুল (২০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার রাত ৯টার দিকে জয়পুরহাট-বগুড়া মহাসড়কের বটতলী বানিয়াপাড়া এলাকার ডালিম পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
নিহত মিতুল জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার সুহলী গ্রামের আনোয়ার হোসেন খন্দকারের ছেলে।
স্থানীয়দের বরাতে জয়পুরহাট থানার ওসি নূরে আলম সিদ্দিকী জানান, জয়পুরহাট থেকে মোটরসাইকেলে করে নিজ বাড়িতে ফিরছিলেন মাহির। বটতলী বানিয়াপাড়া এলাকায় ডালিম পাম্পের সামনে পৌঁছালে উল্টোদিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি নূরে আলম জানিয়েছেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।




