সিলেটে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

ছবি: আগামীর সময়
সিলেটে হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় তাদের।
আজ শুক্রবার সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ নূরে আলম শামীম জানালেন এ তথ্য।
তিনি জানান, মৃতদের একজন ৫ মাসের শিশু আবু সালেহ। সে সিলেট সদর এলাকার বাসিন্দা আবুল খায়েরের ছেলে। ওপর শিশুর নাম তৌহিদুল ইসলাম। তার বয়স ১০ মাস। তার অভিভাবক নেত্রকোনার খালিয়াজুরী এলাকার বাসিন্দা মুতাকাব্বির।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ নভেম্বর পর্যন্ত সিলেট বিভাগে সন্দেহজনক হাম রোগে ২১৫ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি নিশ্চিত হাম রোগে মারা গেছে ১০ জন। সব মিলিয়ে সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগে বিভাগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২২৫ জনে।
জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, সন্দেহজনক হাম রোগে সিলেটে ৯৩ জন, হবিগঞ্জে ৩১ জন, মৌলভীবাজারে ১৬ জন এবং সুনামগঞ্জে ৭৫ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে নিশ্চিত হাম রোগে সিলেটে ৪ জন, হবিগঞ্জে ৪ জন, মৌলভীবাজারে ১ জন এবং সুনামগঞ্জে ১ জনের মৃত্যু হয়েছে।
এদিকে সিলেট বিভাগে হাম সংক্রমণও অব্যাহত রয়েছে। স্বাস্থ্য বিভাগের প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২০ নভেম্বর পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১ হাজার ৮২৫ জন। এর মধ্যে সিলেটে ৮৫৬ জন, হবিগঞ্জে ২৭৬ জন, মৌলভীবাজারে ১৭২ জন এবং সুনামগঞ্জে ৫২১ জন আক্রান্ত হয়েছেন।
সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ১৬ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম রোগী হিসেবে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩৩ জন। এর মধ্যে সিলেটে ৯১ জন, হবিগঞ্জে ৩০ জন, মৌলভীবাজারে ৭ জন এবং সুনামগঞ্জে ৫ জন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বর্তমানে সিলেট বিভাগের সরকারি ও বেসরকারি বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হাম রোগে আক্রান্ত ৫৪৮ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ৪৬০ জন এবং বেসরকারি হাসপাতালে ৮৮ জন চিকিৎসাধীন।
হাম উপসর্গ নিয়ে শিশুদের মৃত্যুর ঘটনা এবং বিভাগজুড়ে আক্রান্ত ও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সিলেটের স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।



